'তারা কাছাকাছি আসে কথা কলে ঝামেলা কমত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন গতকাল সোমবার রাজধানীতে সহিংসতা অপেক্ষাকৃত কম ছিল। তবে হরতাল ঘিরে মানুষের শঙ্কা কমেনি। রাস্তায় বেরোনোর ভীতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, শিক্ষার্থী সন্তানদের পরীক্ষা দিতে না পারার ক্ষোভ দেখা গেছে পথচলতি সবার মধ্যে।
রাজনীতি নিয়ে গভীর অনিশ্চয়তার কথা সবার মুখে। এর শেষ কোথায় সাধারণ মানুষ তা জানে না। তাদের ভাবনা, আগামী দিনগুলো আরও কষ্টের হবে। সেই ভাবনা ভবিতব্যের হাতে ছেড়ে দিয়ে রাজনীতিবিদদের শুভবুদ্ধির উদয়ের কামনা করে তারা।
পূর্ব রামপুরার মোল্লাবাড়ি সড়কে বসে শাক বিক্রি করছিলেন আবদুল জলিল। জামালপুরে গ্রামের বাড়ি। ঢাকায় থাকেন রামপুরার পাশের নন্দীপাড়ায়।
প্রতিদিন রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে শাক কিনে আনেন। গেল বার তিন দিনের হরতালের শেষ দিনে যখন শাক কিনে ফিরছিলেন তখন সড়কের মোড়ে তাঁর ভ্যানের সামনেই ককটেল ফোটে। ভয়ে ভ্যান ছেড়ে দৌড়ে পালিয়েছিলেন। বললেন, ‘আরেকটু হইলেই মরছিলাম। আইজ আর ভ্যান নিয়া বাইর হই নাই। ফেরি না করে বিক্রিবাট্টা একটু কম হবে। তবে ব্যবসার চেয়ে জীবন বড়।’
হরতালে খাদ্যদ্রব্যের দাম বাড়ায় কেবল যে ক্রেতার দুর্ভোগ হয় তাই নয়। বিক্রেতারও সমস্যা। কলাবিক্রেতা মোতালেব হাওলাদার রামপুরার ভূঁইয়াপাড়ায় থাকেন। গতকাল দুপুরে মোল্লাবাড়ি সড়কে যখন দেখা হলো তখনো তাঁর কলার ঝাঁকা ভরা। বিক্রি কম হওয়ার কারণটি খুবই সংগত বলে মনে করেন তিনি। কেননা, রোববারেই এক হালি কলা বিক্রি করেছিলেন ২০ টাকা দরে। হরতালের জন্য দাম বাড়িয়ে দিয়েছেন আড়তদার। গতকাল বিক্রি করতে হচ্ছিল ২৫ টাকা।
মোতালেব হাওলাদার বললেন, ‘আড়তে মালের অভাব নাই। কিন্তু হরতালে সুযোগ বুইঝ্যা দাম বাড়াইয়্যা দিছে।’ মোতালেব মনে করেন, এভাবে সব মানুষেরই ক্ষতি হয়। তবে এর জন্য যাঁরা হরতাল ডাকেন তাঁদের কিছু হয় না।
মোতালেব বললেন, ‘হেরা তো সাততলায় বইসে হরতাল দিয়া খালাস। রাস্তায় পাও তো পড়ে না। আমাগে কথা ভাববে কহন?’
হরতালের শুরুতে পণ্যের দাম একটু কম থাকে, পরে আরও বাড়ে। মগবাজারের মধুবাগের কিন্ডারগার্টেনের শিক্ষক সাবেরা ইব্রাহীমের বাজারের পরিমাণ তাই অন্য দিনের চেয়ে বেশি।
সাবেরা বললেন, ‘আমাদের মতো গোনা টাকায় সংসার চলা মানুষের কাছে হরতাল হলো অভিশাপ। জমায় টান পড়ার ভয় তো আছেই, বাধ্য হয়ে রাস্তায় বের হলে ভয় বাড়ে কয়েক গুণ।’
রংপুরের তারাগঞ্জের বাসিন্দা আতাউর ঢাকায় রিকশা চালান বেশ কয়েক বছর। থাকেন আদাবরে। জানেন নির্বাচন নিয়েই গোল বেধেছে। এর মধ্যে সমাধানের জন্য দুই নেত্রী কথা বলেছেন কিন্তু সমাধান না হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। বললেন, ‘দুই জন খালি ডেট (তারিখ) দ্যাওছে। কিন্তু কেউ কারও কাছে যাওছে না। তারা কাছাকাছি আসে কথা কলে ঝামেলা কমত।’
তবে দুই নেত্রীর আন্তরিক আলোচনা এখন দূরস্থ—এমনটাই মনে করেন পূর্ব রাজাবাজারের বাসিন্দা ইকতেদার আহমেদ। তাদের একগুঁয়েমি মনোভাব ভোগাচ্ছে শিশুদেরও।
বেসরকারি একটি ব্যাংকের এই কর্মকর্তার কষ্ট, তাঁর সন্তান এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী। জানালেন, ছেলেটি মন খারাপ করে বসে আছে। পরীক্ষাটি দিতে গিয়ে কোনো হামলা হবে কি না, ওই ভয়ে আছে সে।
ইকতেদার মনে করেন, আগামী দিনের নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে রাজনীতিকেরা দেশের বড় ক্ষতি করছেন।