‘তারা খালি স্বার্থের রাজনীতি করে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা অইলাম গরিব মানুষ। সারা দিন পেটের ধান্ধায় থাকি। কইতে পারেন পেটনীতি করি। হরতাল কেন দিছে কইতে পারি না। আমরা এত সব খোঁজ রাখার সময়ই পাই না। খোঁজ নিয়াও লাভ নাই। আমরার কথা তো কেউ শোনবার নাই। ধরেন, যারা রাজনীতি করে, তারা খালি তাদের স্বার্থের রাজনীতি করে। আমরা অইলাম কী—শান্তি চাই।’গতকাল মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার শহরের কোর্ট রোডে প্রথম আলোকে এসব কথা বলেন সিকান্দর মাতব্বর (৫০)। তাঁর বাড়ি মাদারীপুরে। মৌসুমি ব্যবসা হিসেবে বিজয় দিবস উপলক্ষে ছোট-বড় নানা আকারের পতাকা ও স্টিকার বিক্রি করতে তিন দিন আগে তিনি মৌলভীবাজারে এসেছেন। বিরোধী দলের ডাকা হরতালে গতকাল মৌলভীবাজার শহর ছিল অনেকটাই নিস্তরঙ্গ। কিছু রিকশা ছাড়া অন্য যানবাহনের চলাচল ছিল না। মানুষের ভিড় নেই, তাই দোকানপাটও বন্ধ। জেলার শ্রীমঙ্গল উপজেলার মীর্জাপুর ইউনিয়নের সইলপুর গ্রামের ছকিল মিয়া (২৭) শহরে এসেছেন সিএনজিচালিত অটোরিকশায় করে। ও হেঁটে। শহরের শাহ মোস্তফা সড়কে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি মাছের কারবার করি। গরিব মানুষ মাছটাচ লইয়া আইলে চাইর-পাঁচ শ টাকা লাভ অয়। হরতাল গতিকে (কারণে) মাছ লইয়া আইতে পারছি না। হরতাল অইলো গরিব মানুষের জীবন নষ্ট। হরতাল অইলে তো আর বাইর থাকি (শহরের বাইরে থেকে) গরিব মানুষ আইতে পারে না।’ মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে খালি ভ্যান গাড়ি নিয়ে অলস সময় কাটাচ্ছিলেন মো. রেজাউল হক (৫০)। তাঁর মূল বাড়ি চাঁদপুরে। তবে ২০ বছর ধরে তিনি মৌলভীবাজার শহরে আছেন। তিনি বলেন, ‘পেটের ফিকির (রুজির চেষ্টা) করে দিশা পাই না। মাথার মইদ্যে (মধ্যে) থাকে, বিকাল অইলে পাঁচ কেজি চাইল (চাল) কেমনে নিমু। আমরা তো শান্তিতে থাকতাম চাই। এর লাগি এক বছর এরে দেই, একবছর ওরে ভোট দেই। কিন্তু এখন দেখি সবাই সমান।’ হরতাল সম্পর্কে রংপুর জেলার বদরগঞ্জের রিকশাচালক আখতার উদ্দিনের (৩০) কিছুটা ধারণা আছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী এই হরতাল ডেকেছে বলে তিনি জানালেন। শহরের কুসুমবাগ এলাকার ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টো প্রথম আলোকে বলেন, ‘হরতাল মানেই আমাদের ক্ষতি। দোকান বন্ধ থাকে। লোকজন আসে না। কিন্তু খরচ তো আর বন্ধ হয় না।’ মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান (সেন্ট্রাল রোড) সড়কে একজন রিকশাচালক বললেন একটু ভিন্ন কথা, ‘হরতাল তো ভালোই। সিএনজি চলে না (ইজিবাইক বা টমটম)। তখন প্যাসেঞ্জার পাই।’