‘তারার তো কিছু হয় না, খালি জনগণের দুর্গতি বাড়ায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের কাল ১২ মার্চ ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি ঘিরে বিভিন্ন তৎপরতায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। কী হচ্ছে, না হচ্ছে—এ নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা শঙ্কা। অনেকেরই ভয়, এ দিন ঢাকা শহরে বড় রকমের কোনো বিশৃঙ্খলা হতে পারে। মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকার মো. ফারুক মিয়া বললেন, ‘এমন দেশ সৃষ্টি অইছে। কারে মারিয়া কে খাইত। কারে মারিয়া কে ধনী অইত। দেশটাতে এই দুই দল যা করে, তা ঠিক করে না।’ মৌলভীবাজার শহরের একটি হোটেলের বাবুর্চি মো. আবুল কালাম মনে করেন, এসব কর্মসূচিতে কেবল জনগণের দুর্গতি বাড়ে। ‘দুই দল একজন আরেকজনের সঙ্গে রেষারেষি করে। তারার তো কিছু হয় না, খালি জনগণের দুর্গতি বাড়ায়।’সদর উপজেলার কনকপুরের মো. জামাল আহমদ মনে করছেন, এসব কর্মসূচিতে চূড়ান্ত অর্থে দেশেরই ক্ষতি, ‘ঢাকা যে যাইত। কই যাইত! কে মরব, কে বাঁচব, ঠিক আছেনি। দেশে একটা কিচ্ছু অইলেই তো মারামারি অয়। মানুষ মরে। এতা করিয়া তো দেশের ক্ষতি। রাস্তায় বারইলে গাড়ি ভাঙ্গি ফালায়।’মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী জামাল মিয়া মনে করেন, চারদলীয় জোটের কর্মসূচিতে বাধা দেওয়া ঠিক হচ্ছে না। ‘প্রত্যেকের সাংবিধানিক অধিকার আছে মিটিং-মিছিল করার। এতে বাধা দিলে সেটা গণতন্ত্রের বদলে জোরতন্ত্র হবে। মানুষ জোরজবরদস্তির গণতন্ত্র পছন্দ করে না।’ একই সঙ্গে তিনি মনে করেন, বিরোধী দলেরও ভাবা উচিত দেশটা সবার। ‘এমন কোনো আচরণ না করা, যাতে গণতন্ত্র বিপদে পড়ে। মানুষের ক্ষতি হয়।’ মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের ছাত্র মুনিম বাপ্পী বললেন, ‘কখন কী হয় ভয়ে অনেকেই ঢাকামুখী হচ্ছেন না। এরা একে অন্যে নিজেদের প্রাধান্য বিস্তার করতে গিয়ে সাধারণ মানুষের ক্ষতি করছেন। মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন।’ আলাপকালে আরও একাধিক ব্যক্তি বলেন, তাঁদের চিকিৎসার জন্য ঢাকা যাওয়া প্রয়োজন। কিন্তু এই কর্মসূচির কারণে তাঁরা ঢাকা যেতে পারছেন না। চাঁদপুরের নজরুল ইসলাম মৌলভীবাজারে আছেন প্রায় ১৮ বছর। রাজমিস্ত্রির কাজ করেন। রাজনীতির বেশ খোঁজখবর রাখেন তিনি। বললেন, ‘বিরোধী দল একদিকে ঠিকই করছে। এই দেখেন না সাংবাদিকরে মেরে ফেলল। কেউরে ধরতে পারল না। এখন বিরোধী দলরে মিটিং করতে বাধা দেয়। এটা ঠিক করছে না। সরকারের কাজ অইল দেশরে শান্তি রাখব। মানুষ শান্তিতে থাকব।’ আবার অনেকে আছে, কোথায় কী হচ্ছে, তেমন খোঁজ রাখে না। তেমন একজন মো. মোবারক। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। মৌলভীবাজারে একটি ইটভাটায় কাজ করেন। তাঁর কথা ‘দেশ তো ভালোই চলছে দেখতাছি। তবে আমরা কামকাজ করে সময় পাই না। কোনো কিছুর খোঁজই জানি না।’