‘তারারে ধরতে অত দেরি লাগের কেনে’
‘এত দিনে একজনও ধরা পড়ল না। জড়িতদের কিতা বাঁচানোর চেষ্টা চলছে নি?’ এভাবেই কথাগুলো বলছিলেন সিলেট নগরের বালুচর এলাকার বাসিন্দা আনসার। তাঁর বাড়ি থেকে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস মাত্র ৩০০ গজ দূরে। ৮ জুলাই রাতে ছাত্রাবাসে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের পর এটি যখন আগুনে দাউ দাউ করে পুড়ছিল, তখন তিনি রিকশাযোগে বাড়ি ফেরার সময় সেই করুণ দৃশ্য প্রত্যক্ষ করেন।আনসার আলী বলেন, ‘কে আগুন দিছে, তা তো নিজের চোখে দেখিনি, শুনেছি ছাত্রলীগই এ কাজ করছে। তারারে (অগ্নিসংযোগকারীদের) ধরতে অত দেরি লাগের কেনে?’ আনসার আলী সিলেট এমসি কলেজের ছাত্র না হলেও ঐতিহাসিক এই স্থাপনা ধ্বংস হয়ে যাওয়াটা কোনোভাবেই মানতে পারছেন না। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।গতকাল বৃহস্পতিবার এমসি কলেজ ছাত্রাবাসের আশপাশের এলাকার বাসিন্দারাও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় আনসারের মতোই ক্ষোভ প্রকাশ করেছেন।বালুচরের রিকশাচালক হেলাল মিয়া বলেন, ‘আমি মুখ্যসুখ্য মানুষ। পড়ালেখা জানি না। ঘটনা টিভিতে দেখলাম, ঘরগুলান (ছাত্রাবাস) জ্বইলা-পুইড়া শেষ অই গেছে। কোনো মানুষ এই কাম করতে পারে?’টিলাগড় এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী শাহীনুর মিয়া বলেন, ‘যাদের বিরুদ্ধে ছাত্রাবাস পোড়ানোর অভিযোগ উঠেছে, তারা চিহ্নিত সন্ত্রাসী।’ছাত্রাবাসের পার্শ্ববর্তী বালুচরের বাসিন্দা ফুরকান আলী বলেন, ‘সরকারের অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী উভয়েই দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের কথা বললেও আরেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ছাত্রাবাস পোড়ানোর বিষয়টিকে রাজনৈতিক হিসেবে উল্লেখ করেছেন। এটা কিসের আলামত?’সেনপাড়া এলাকার বাসিন্দা কুতুবউদ্দিন বলেন, ‘আমি আওয়ামী লীগের সমর্থক। আমার বাপ-দাদারা আওয়ামী লীগ করতেন। কিন্তু ছাত্রলীগের ছেলেরা যে ন্যক্কারজনক কাজ করেছে, তা দেখে নিজেকে বড় অসহায় লাগছে। দোষীরা চিহ্নিত হলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। সরকার বা পুলিশ প্রশাসন কি মানুষের হূদয়ের রক্তক্ষরণ বুঝতে পারে না?’পুড়ে যাওয়া ছাত্রাবাস গতকাল দেখতে গিয়ে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা বলেন, ‘আমার একেবারেই ঘনিষ্ঠ এক বন্ধু এই ছাত্রাবাসের আবাসিক ছাত্র ছিল। তার সঙ্গে একাধিকবার ছাত্রাবাসে এসেছি, ডাল-ভাত খেয়েছি। সেসব এখন ধূসর বেদনাময় সঞ্চৃতি। সেই স্মৃতির টানেই পোড়া ছাত্রাবাসটি দেখতে এসেছি। আমার সেই বন্ধু এখন আর বেঁচে নেই। আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে ছাত্রাবাসটিও। মধুর স্মৃতিময় স্থানটি এভাবে কেউ শেষ করে দিতে পারে—এটি আমি কেন জানি এখনো বিশ্বাস করতে পারছি না!’