‘তারুণ্যের পদযাত্রা’ ডলুরার পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য তহবিল সংগ্রহ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে পথে নামা ‘তারুণ্যের পদযাত্রা’র তরুণেরা গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জের ডলুরার পথে রওনা হয়েছেন। পথে তাঁরা ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন নির্মাণের জন্য সহায়তা চেয়ে সর্বস্তরের মানুষের কাছে বিলি করেন প্রচারপত্র।পদযাত্রা দলের শিক্ষার্থী তরুণেরা গতকাল দুপুর ১২টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হন। এর আগে ঢাকা থেকে যাত্রা শুরু করে মঙ্গলবার তাঁরা সিলেটে পৌঁছান। পদযাত্রা শুরুর আগে দলটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে ‘অভিজ্ঞতা বিনিময়’ করেন। জাফর ইকবাল দলের ১০ সদস্যকে নিজের লেখা বই উপহার দেন ও উৎসাহ জোগান।মুহম্মদ জাফর ইকবাল জানান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ভবন নির্মাণে তাঁদের বিশ্ববিদ্যালয়ের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং এ জন্য শিগগিরই তাঁরা উদ্যোগ নেবেন।মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রোগ্রাম কর্মকর্তা রঞ্জন কুমার সিংহ প্রথম আলোকে জানান, ২৯ অক্টোবর পদযাত্রা দলের সদস্যরা সুনামগঞ্জে পৌঁছাবেন। ওই দিন শহরের বিভিন্ন জায়গায় প্রচারণায় অংশ নিয়ে দুপুর একটায় শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত ডলুরা শহীদ স্মৃতিসৌধে গিয়ে কর্মসূচি সমাপ্ত হবে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ ৪৮ জন মুক্তিযোদ্ধার স্মরণে ডলুরা শহীদ স্মৃতিসৌধ নির্মিত হয়েছে।ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি টাকা। ইতিমধ্যে প্রায় ৪০ কোটি টাকা সংগ্রহ হয়েছে। জাদুঘর নির্মাণে সহায়তার জন্য কর্তৃপক্ষ সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এ-সংক্রান্ত তহবিলের শিরোনাম: মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ, এসটিডি হিসাব নম্বর ৩৬০০০৪০৮, জনতা ব্যাংক লিমিটেড, তোপখানা রোড শাখা, ঢাকা-১০০০ এবং এসটিডি হিসাব নম্বর ১৫০১১০১৬৫৮৬৩৭০০১, ব্র্যাক ব্যাংক লিমিটেড, গুলশান-১ শাখা, ঢাকা।