‘তারুণ্যের পদযাত্রা’ শেষ হচ্ছে আজ
মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য তহবিল সংগ্রহ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে পথে নামা ‘তারুণ্যের পদযাত্রা’র ১০ তরুণ সুনামগঞ্জে পৌঁছেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা সিলেট থেকে হেঁটে সুনামগঞ্জ শহরে পৌঁছান। সুনামগঞ্জ শহর থেকে ১০ কিলোমিটার দূরে ডলুরা শহীদ সমাধিতে গিয়ে আজ শুক্রবার বিকেলে পদযাত্রা শেষ হবে। ডলুরায় মুক্তিযুদ্ধে ৪৮ জন শহীদের সমাধি রয়েছে।মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি কর্মকর্তা রঞ্জন কুমার সিংহ জানান, ১৩ অক্টোবর ঢাকার সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ থেকে ১০ তরুণ এই পদযাত্রা শুরু করেন। পথে তাঁরা ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন নির্মাণের জন্য সহায়তা চেয়ে সর্বস্তরের মানুষের কাছে প্রচারপত্র বিলি করেন। ১৪ দিনের এই পদযাত্রার সমাপনী উপলক্ষে ডলুরা শহীদ সমাধি প্রাঙ্গণে আজ শুক্রবার বিকেল চারটায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বেলা ১১টায় ডলুরা সমাধিস্থলের উদ্দেশে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হবে।ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি টাকা। এরই মধ্যে প্রায় ৪০ কোটি টাকা সংগ্রহ হয়েছে।