‘তারুণ্যের পদযাত্রা’ শেষ হলো শুরু দেশ গড়ার স্বপ্নযাত্রার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো ১৩ দিনের ঢাকা-সুনামগঞ্জ ‘তারুণ্যের পদযাত্রা’। মুখে দেশের গান আর বুকে দেশ গড়ার প্রত্যয় নিয়ে গতকাল শুক্রবার বিকেলে ‘তারুণ্যের পদযাত্রা’ পৌঁছায় এর গন্তব্য সুনামগঞ্জের ডলুরা শহীদ সমাধিতে।নয়টি জেলার ৩৫টি উপজেলার মধ্য দিয়ে ৪৫০ কিলোমিটার পথ হেঁটে অভিযাত্রী দল আসে সুনামগঞ্জের ডলুরা শহীদ সমাধিতে। এখানে সমাহিত আছেন মুক্তিযুদ্ধের ৪৮ শহীদ। অভিযাত্রীরা শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। ঢাকার সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ থেকে ১৬ অক্টোবর ১০ বিশ্ববিদ্যালয়ছাত্রের এই পদযাত্রা শুরু হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন নির্মাণের তহবিল সংগ্রহ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়াই ছিল এই পদযাত্রার লক্ষ্য।এর আগে সুনামগঞ্জ শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ডলুরা শহীদ সমাধিতে ‘তারুণ্যের পদযাত্রার’ জন্য অপেক্ষা করছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা-জনতা। তাঁদের ফুল দিয়ে স্বাগত জানায় নারায়ণতলা মিশন উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে দলনেতা শরিফ রেজা মাহমুদ বলেন, ‘আমরা তারুণ্যের প্রতিনিধি হয়ে এখানে এসেছি। স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ গড়ার। আমাদের মাঝে কোনো ক্লান্তি নেই। তরুণেরা দেশের জন্য, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির গৌরবগাথা ছড়িয়ে দিতে যুগ যুগ হাঁটতে পারে। আজ থেকে শুরু হলো তারুণ্যের স্বপ্নযাত্রা।’মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক বলেন, ‘একাত্তর সালে তরুণেরা দেশের পতাকা হাতে নিয়েছিলেন। সেই পতাকা এখন বহন করছেন বর্তমান প্রজন্মের তরুণেরা। তাঁরাই মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে।’লেখিকা আনোয়ারা সৈয়দ হক বলেন, ‘এটা শুধু তারুণ্যের পদযাত্রা নয়, দেশের সব মানুষের স্বপ্ন ও আশার যাত্রা।’সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণাকেন্দ্রের আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী বলেন, ‘একাত্তর সালে তরুণ ছিলাম। দেশের জন্য যুদ্ধ করেছি। এখন দেশের পতাকা আমাদের তরুণদের হাতে। মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে তরুণেরাই।’সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, শিক্ষক ইসমাইল হোসেন প্রমুখ। আলোচনার ফাঁকে ফাঁকে দেশের গান ও নৃত্য পরিবেশন করে নারায়ণতলা মিশন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।