‘তারেক রহমান কোনো ধরনের দুর্নীতিতে জড়িত ছিলেন না’—খালেদা জিয়ার এমন বক্তব্যকে ‘কৌতুক’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। ‘তাঁরা (তারেক ও কোকো) সৎ হলে বাংলাদেশে অসৎ কে?’ এমন প্রশ্ন রাখেন সুরঞ্জিত।গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ প্রশ্ন তোলেন। তিনি বলেন, দেশের সম্পদ ও অর্থ পাচার করে অভিযুক্ত হলে, এফবিআই তাঁদের দোষী সাব্যস্ত করলে, এটা যদি সততা হয়, তাহলে তাঁরা সৎ। খবর বাসসের।সম্প্রতি বরিশালে এক সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘তারেক ও কোকো অত্যন্ত সৎভাবে জীবনযাপন করেছেন। দুর্নীতির সঙ্গে কখনোই তাঁদের কোনো সম্পর্ক ছিল না। তাঁদের কোথাও তেমন কোনো সম্পদও নেই।’ এর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার কাছে প্রশ্ন রেখে সুরঞ্জিত বলেন, ‘কোকো-১ থেকে কোকো-১০ আছে, এগুলো কার? দয়া করে বলেন। ড্যান্ডি ডায়িং করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেলেন। আর যদি টাকাই না থাকে, তাহলে তারেক জিয়া কীভাবে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন?’জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে বঙ্গবন্ধু একাডেমি ঢাকা মহানগর শাখা এই আলোচনা সভার আয়োজন করে।সুরঞ্জিত বলেন, ‘পুলিশের ওপর জামায়াত-শিবিরের চোরাগুপ্তা হামলা সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নয়। দলটিকে হয় নিয়মতান্ত্রিকতায় ফিরে আসতে হবে, নইলে সংবিধান অনুসারে নিষিদ্ধ হতে বাধ্য।’