'তারেক হামলাকারীদের আশ্বাস দিয়েছিলেন'

হাওয়া ভবনে বৈঠক করে বিএনপি নেতা তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের সহায়তার আশ্বাস দিয়েছিলেন। ওই ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আজ বুধবার তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনায় রাষ্ট্রপক্ষ এ কথা বলে।
আজ রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন ৩০ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেছেন।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলার বিচারকাজ চলছে।
আজ এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করে বলেন, ২০০৪ সালের আগস্ট মাসে আসামি মুফতি হান্নান ও তাঁর সঙ্গীরা জানতে পারেন, সিলেটে গ্রেনেড হামলা ও গোপালগঞ্জে ছাত্রলীগ নেতা তুষার হত্যার প্রতিবাদে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শোক র্যালি ও প্রতিবাদ সভা হবে। এরপর ওই জনসভায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের ওপর আর্জেস গ্রেনেড হামলার পরিকল্পনা ও সিদ্ধান্ত নেন। আসামি মুফতি হান্নান, মাওলানা আবু তাহের, শেখ ফরিদ ও মাওলানা তাজউদ্দিন একটি মাইক্রোবাসে করে হাওয়া ভবনে যান। ওই দিন হাওয়া ভবনের নিচতলায় নেতা মাওলানা আবদুর রশীদকে রেখে তাঁরা দোতলায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হারিছ চৌধুরী, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, এনএসআইয়ের মহাপরিচালক আবদুর রহিম ও সামরিক গোয়েন্দার পরিচালক ব্রিগেডিয়ার রেজ্জাকুল হায়দার চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। জঙ্গি নেতারা ওই বৈঠকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের হত্যার সহযোগিতা চান। তারেক রহমান তাঁদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন। মুফতি হান্নান ২০০৫ সালে আদালতে জবানবন্দি দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ অন্যান্য জঙ্গি হামলার কথা প্রকাশ করেন।
সৈয়দ রেজাউর রহমান বলেন, হাওয়া ভবনে বৈঠকের পরে গ্রেনেড হামলার পরিকল্পনা নিয়ে মুফতি হান্নান ও তাঁর সহযোগীরা রাজধানীর বাড্ডা ও মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকায় একাধিকবার বৈঠক করেন। জঙ্গিরা তাদের কাছে রক্ষিত আর্জেস গ্রেনেড দিয়ে আওয়ামী লীগের প্রয়াত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, সিলেটের মেয়র বদরউদ্দিন কামরান, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর চালিয়ে হত্যার চেষ্টা করে।
সৈয়দ রেজাউর রহমান বলেন, চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ধানমন্ডির সরকারি বাসায় মাওলানা আবু তাহের ও তাজউদ্দিনকে সঙ্গে নিয়ে মুফতি হান্নান পুনরায় বৈঠক করেন। সেখানে লুৎফুজ্জামান বাবর, হানিফ পরিবহনের মালিক হানিফ, ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আরিফ উপস্থিত ছিলেন। ২০ আগস্ট মুফতি হান্নানের সহযোগীরা পিন্টুর ধানমন্ডির বাসা থেকে তাজউদ্দিনের সরবরাহ করা ১৫টি গ্রেনেড সংগ্রহ করে পশ্চিম মেরুল বাড্ডার ভাড়া বাসায় মুফতি হান্নানের কাছে পৌঁছে দেওয়া হয়। মুফতি হান্নান ও মাওলানা আবদুল রশীদসহ হরকাতুল জিহাদের সদস্যরা পুনরায় বৈঠক করে ২১ আগস্ট গ্রেনেড হামলার কৌশল ও প্রস্তুতি গ্রহণ করে। এরপর মুফতি হান্নান ও অন্যদের নির্দেশনায় এবং পরিচালনায় এ মামলার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রতিবাদ সভাস্থলে কয়েক ভাগে ভাগ হয়ে জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়।
আজ রাষ্ট্রপক্ষে সৈয়দ রেজাউর রহমানকে সহায়তা করেন মোশাররফ হোসেন কাজল, আবু আবদুল্লাহ ভূইয়া ও আকরাম উদ্দিন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের তিন শতাধিক নেতা-কর্মী আহত হন।
এ মামলার বর্তমানে আসামির সংখ্যা ৪৯। এ মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জন পলাতক রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার মামলায় হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল ওরফে বিপুলের ফাঁসি কার্যকর হওয়ায় তাঁদের এ মামলার আসামি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।