বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান এখন দেশের বাইরে। অথচ বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় তাঁকে নিয়ে চলছে টানাটানি। তারেক রহমানকে কে কতটা ভালোবাসে, তা নিয়ে জেলা বিএনপি ও নবগঠিত ‘তারেক রহমান পরিষদ’-এর মেঠো লড়াই শুরু হয়েছে। জেলা বিএনপি ও তারেক রহমান পরিষদকে কেন্দ্র করে দলে অস্থিরতা দেখা দিয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, জেলা বিএনপিতে দলীয় কোন্দলের কারণে আহ্বায়ক কমিটি গঠনের ২৩ মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ বছরের ২৩ জানুয়ারি এই কমিটি গঠনের পর থেকে বিএনপির জেলা সভাপতি সাইফুল ইসলামবিরোধী পক্ষটি ঝিমিয়ে পড়ে। দলের অনেক ত্যাগী নেতা দল থেকে এখনো দূরে আছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা অভিযোগ করেন, সভাপতি খবরদারি ও বিভিন্ন আন্দোলনের নামে চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। জেলা বিএনপির পূর্ণাঙ্গ যে কমিটি করা হয়েছে, তাতেও ত্যাগী নেতারা জায়গা পাননি। দলের অঙ্গসংগঠনগুলো নিজের লোকদের দিয়ে করা হচ্ছে, এমন অভিযোগ রয়েছে। এ অবস্থায় সুষ্ঠু রাজনীতির স্বার্থে বিকল্প সংগঠন হিসেবে তারেক রহমান পরিষদ নামে একটি সংগঠনের জন্ম হয়েছে।তারেক রহমান পরিষদ গঠনের পর জেলা বিএনপির মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এই কমিটি গঠন করায় জেলা বিএনপি থেকে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, জিয়া পরিবারের নাম ব্যবহার করে কোনো সংগঠন প্রতিষ্ঠা করা যাবে না। এই সংগঠন যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, সে জন্য উকিল নোটিশও দেওয়া হয়েছে। তাতেও তাদের কার্যক্রম থামেনি।গত ৪ মে বগুড়ার একটি হোটেলে তারেক রহমান পরিষদ গঠন করা হয়। গত ৫ জুন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এই সংগঠন বিলুপ্তির নির্দেশ দেন। তারেক রহমান পরিষদ নিয়ে এই বিতর্ক দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেও তার কোনো সুরাহা হয়নি। এই পরিষদের আহ্বায়ক রেজাউল হাসান। তিনি বলেন, এটা বিএনপির কোনো অঙ্গ দল নয়, যেসব মানুষ তারেক রহমানকে ভালোবাসে, তারা একটি সংগঠন দাঁড় করাতেই পারে।সংগঠনের সদস্যসচিব মাইদুল ইসলাম বলেন, সরকারবিরোধী আন্দোলনে তারেক রহমান পরিষদ দুর্বল জেলা বিএনপির চেয়ে বেশি ভূমিকা রাখবে। যারা দলে অযোগ্য, তারা এই সংগঠনকে ভয় পাচ্ছে।জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, একটি স্বার্থান্বেষী মহল তারেক রহমান পরিষদ নামে তৎপরতা চালাচ্ছে। তারেক রহমান কোনো অরাজনৈতিক ব্যক্তি নন। তাই তারেক রহমানের নাম ব্যবহার করে কেউ কিছু করতে পারবে না।