‘তারেক মডেলে’ বগুড়ায় বিএনপির কমিটি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ‘তারেক রহমান মডেলে’ (তৃণমূল পর্যায় থেকে সর্বস্তরের কমিটিতে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন) বিএনপির নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার রাতে ঢাকায় জেলা বিএনপির নেতাদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম মাহবুবর রহমান সভার কথা নিশ্চিত করে বলেন, তৃণমূল পর্যায় থেকে সরাসরি ভোটের মাধ্যমে জেলা, শহর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব কটি ইউনিয়নে এবং আগামী ৩১ মার্চের মধ্যে ১২টি থানা ও পৌরসভাসহ ২৩টি সাংগঠনিক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, আগামী ৩১ মার্চ বগুড়ায় বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৩ আসনের সাংসদ আবদুল মোমেন তালুকদারের সভাপতিত্বে এবং তাঁর ঢাকার বাসভবনে এই জরুরি সভায় দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম মাহবুবর রহমানসহ ১৯ জন যুগ্ম আহ্বায়কের সবাই উপস্থিত ছিলেন। বিকেল থেকে শুরু হয়ে রাত প্রায় সাড়ে আটটা পর্যন্ত সভা চলে।দলীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের মধ্যে বিরোধের কারণে বগুড়ায় নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। বিষয়টি দলের শীর্ষ পর্যায় পর্যন্ত গড়ায়। গত ২৬ জানুয়ারি কেন্দ্রের নির্দেশে বগুড়ায় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানেও কমিটি গঠন নিয়ে সমঝোতা হয়নি। সর্বশেষ রোববার ঢাকায় সাংসদ আবদুল মোমেনের বাসায় এই সভা আহ্বান করা হয়।সভায় অংশ নেওয়া একাধিক যুগ্ম আহ্বায়ক জানান, সভায় দলের কিছু নেতা চাইছিলেন সমঝোতায় কমিটি গঠনের। কিন্তু বেশির ভাগ নেতা দাবি তোলেন, তারেক রহমান বগুড়ায় বিএনপির কমিটি গঠনের একটি মডেল করে দিয়ে গেছেন, সেটা ভাঙা যাবে না।