'তারেক মাসুদ অনেক দিন প্রাসঙ্গিক থাকবেন'
একটু আগেই অঝোরে ঝরেছে বৃষ্টি৷ আকাশ তখনো মেঘলা৷ হঠাৎ হঠাৎ এক ফোঁটা পানি এসে মাথায় পড়ে৷ কেমন যেন গুমোট পরিবেশ৷
২০১১ সালের এ দিনটিতেই (১৩ আগস্ট) সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদসহ পাঁচজন নিহত হন৷ মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ। আয়োজন করে স্মরণানুষ্ঠানের৷ বিষয় ছিল ‘তারেক মাসুদের প্রাসঙ্গিকতা: বাংলাদেশের চলচ্চিত্র ও চলচ্চিত্রচর্চা’।
গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক মাসুদ অনেক দিন প্রাসঙ্গিক থাকবেন। তাই তাঁকে বারবার স্মরণ করার প্রয়োজন রয়েছে।
চলচ্চিত্র-গবেষক জাকির হোসেন বলেন, তারেক মাসুদ তাঁর চলচ্চিত্রের ধারাকে বলতেন ‘স্বাধীন ধারা’। প্রকৃতপক্ষেই তিনি ছিলেন স্বাধীন। এটা আসলে একধরনের জীবনচর্চা।
তারেক মাসুদের চলচ্চিত্র নিয়ে আলোচনা করতে গিয়ে চলচ্চিত্র-গবেষক ফাহমিদুল হক বলেন, তাঁর উদ্দেশ্য ছিল চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের মনে নতুন নতুন প্রশ্ন তৈরি করা। তাঁর নির্মিত মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, নরসুন্দর, অন্তর্যাত্রা, রানওয়ে—প্রতিটি চলচ্চিত্রই দর্শকের মধ্যে অস্বস্তি তৈরি করে। দর্শক শেষ পর্যন্ত চিন্তা করতে বাধ্য হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সহসভাপতি আলোকচিত্রশিল্পী মুনিরা মোরশেদ। আরও বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন।
তারেক মাসুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিন ১২ আগস্ট প্রদর্শিত হয়েছিল তাঁর পরিচালিত মাটির ময়না, মুক্তির গান ও অন্তর্যাত্রা চলচ্চিত্রগুলো। গতকাল অনুষ্ঠান শুরু হয় তাঁর রানওয়ে চলচ্চিত্রটি প্রদর্শনের মধ্য দিয়ে।
সবশেষে প্রদর্শিত হয় তারেক মাসুদের ওপর প্রসূন রহমানের নির্মিত প্রামাণ্যচিত্র ফেরা।