‘তারেক মাসুদ: জীবন ও স্বপ্ন’ গ্রন্থের মোড়ক উন্মোচিত
গত বছরের ১৩ আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ। এরপর ২৬ আগস্ট তাঁর স্মৃতির উদ্দেশে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়। চার ঘণ্টার সেই স্মরণানুষ্ঠানে তারেকের বন্ধু, স্বজন ও ঘনিষ্ঠজনদের নানা স্মৃতিচারণায় উঠে এসেছে তাঁর জীবনের নানা কথা। সেই কথাগুলোকে একটি বই আকারে প্রকাশ করা হয়েছে। ইংরেজি ও বাংলা দুই মাধ্যমে তারেক মাসুদ: জীবন ও স্বপ্ন নামের এ বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।গতকাল শনিবার সন্ধ্যায় ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে বইটির অনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, ‘তারেক মাসুদকে নিয়ে অনুষ্ঠিত সেই দিনের স্মরণসভায় আমি নিজেও উপস্থিত ছিলাম এবং সেই বক্তব্যগুলো ধরে রাখার প্রয়োজন অনুভব করেছিলাম। আজ এ বইটি হাতে পেয়ে সত্যিই আনন্দ লাগছে।’ তিনি বলেন, তারেক মাসুদকে জানতে হলে, তাঁর সৃষ্টিকর্ম সম্পর্কে জানতে হলে এ বই অনেক সহায়তা করবে। তরুণ প্রজন্ম এ থেকে উৎসাহিত হবে।মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, তারেক মাসুদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে চলচ্চিত্রের মাধ্যমে যেভাবে উপস্থাপন করেছেন, তা সারা বিশ্বের মানুষ দেখেছে। জীবনসংগ্রামের ইতিহাস তিনি চলচ্চিত্রে ফুটিয়ে তুলেছেন।অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, বাংলাদেশের বিকল্পধারার চলচ্চিত্র নির্মাণের আন্দোলনের ক্ষেত্রে তারেক মাসুদের অনেক বড় একটি ভূমিকা রয়েছে। তাঁর বিভিন্ন স্মৃতি, চলচ্চিত্র-ভাবনা, চলচ্চিত্রের সঙ্গে জীবনের যোগসূত্রসহ আরও নানা বিষয় উঠে এসেছে এ বইয়ে। নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্রনির্মাতা নাসির উদ্দীন ইউসুফ তারেক মাসুদের কথা বলতে গিয়ে বললেন, ‘তারেক চলচ্চিত্রের মাধ্যমে কেবল দেশে নয়, দেশের বাইরেও বাংলাদেশকে নিয়ে গেছেন। দুঃখকেও তিনি আনন্দের মাধ্যমে প্রকাশ করতে জানতেন। তাঁর বিভিন্ন চিন্তাচেতনা, চলচ্চিত্র-ভাবনা তরুণ প্রজন্মের জন্য সহায়ক।’তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ বলেন, ‘বইটির নাম তারেক মাসুদ: জীবন ও স্বপ্ন রাখা হয়েছে; কারণ, এ বই যেমন তাঁর জীবনের নানা দিক তুলে ধরেছে, তেমনি কাজের ক্ষেত্রে তাঁর শৈল্পিক দৃষ্টিভঙ্গি ও প্রয়াস এতে উঠে এসেছে। আমরা যাঁরা শোকাহত তাঁরা এই প্রচেষ্টার মাধ্যমে শক্তি খুঁজে পাব এবং তাঁর অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব।’বইটির প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ড. কামাল হোসেন, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক রোজমেরি আরনট, একই প্রতিষ্ঠানের সাউথ এশিয়ার ডিরেক্টর অব আর্টস শিলা ঘোষ, তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ, সাহিত্যিক শাহীন আখতার, শিল্পী ঢালি আল মামুন, মুনিরা মোরশেদ, প্রথমা প্রকাশনের প্রধান নির্বাহী জাফর আহমদ প্রমুখ। বইটি প্রথমা প্রকাশনের সব বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। দাম এক হাজার টাকা।