‘তারেক রহমান ভুল করে নোটিশ দিয়েছেন’—এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তবে এখনো পর্যন্ত তারেক রহমানের পাঠানো উকিল নোটিশ হাতে পাননি বলে দাবি করেছেন তিনি।
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে জলাবদ্ধতা নিয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সাংসদ হাছান মাহমুদ বলেন, ‘পত্রপত্রিকায় দেখেছি ও টেলিভিশনে শুনেছি তারেক রহমান আমাকে উকিল নোটিশ দিয়েছেন। তবে তা এখনো হাতে পাইনি। হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেব, এর জবাব দেব নাকি পাল্টা উকিল নোটিশ দেব। আমার মনে হয়, তিনি ভুল করে আমাকে উকিল নোটিশ পাঠিয়েছেন।’
আরেক প্রশ্নের জবাবে সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইস ব্যাংক থেকে টাকা ফেরত আনার ঘোষণা দেওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়। তাঁদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই সন্দেহ ঘনীভূত হয়েছে, সেখানে তারেক রহমান ও আরাফাত রহমানের টাকা থাকতে পারে। আমি শুধু সে সন্দেহের কথা বলেছি। আর এই সন্দেহ বাড়ানোর জন্য বিএনপি নেতারাই বরং দায়ী। তাই আমার বদলে বিএনপি নেতাদের নামে উকিল নোটিশ পাঠাতে তারেক রহমানকে অনুরোধ করব।’