‘তারেককে ওপরে ওঠানো খালেদার বৃহত্তম ভুল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের ১৩ মার্চ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্যসচিব কামালউদ্দিন সিদ্দিকী মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাসকে বলেছিলেন, ছেলে তারেক রহমানকে দলে ওপরের দিকে স্থান দেওয়া খালেদা জিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা। কামালউদ্দিন সিদ্দিকী এ সময় ইংগিত দেন, কিবরিয়া হত্যাকাণ্ডে অভিযুক্ত স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর যোগসূত্র ছিল। ঢাকায় মার্কিন দূতাবাসের ফাঁস হওয়া তারবার্তায় এসব কথা বলা হয়েছে।তারবার্তায় বলা হয়েছে, মুখ্যসচিব কামালউদ্দিন সিদ্দিকী ১৩ মার্চ মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ৪০ মিনিট বৈঠক করেন। এ সময় তাঁরা জঙ্গিবাদ দমনে খালেদা সরকারের ‘নিস্পৃহতা’, তারেক রহমানের উত্থান ও উচ্চাকাঙ্ক্ষা, বোয়িং বিমান ক্রয়ের ক্ষেত্রে তৎ কালীন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মীর নাসিরউদ্দীনের ‘ঘুষ পাওয়ার আকাঙ্ক্ষাসহ’ বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন।তারবার্তা অনুযায়ী, বৈঠকে হ্যারি কে টমাস উল্লেখ করেন, তারেক রহমান পরিচিতজনদের মাধ্যমে ওয়াশিংটনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের যে অনুরোধ করেছিলেন, তা প্রটোকল ও অন্যান্য কারণে রাখা সম্ভব নয়। মুখ্যসচিব কামালউদ্দিন সিদ্দিকী এতে ‘সর্বান্তকরণে’ সমর্থন জানিয়ে বলেন, ‘একটি নবীন গণতান্ত্রিক দেশের জন্য বংশানুক্রমিক রাজনীতি ভালো নয়।’ কামালউদ্দিন সিদ্দিকী আরও বলেন, ‘দুর্নীতিগ্রস্ত’ পুত্রটিকে খালেদা জিয়ার আশকারা ও সুরক্ষা দেওয়া তাঁর ‘বৃহত্তম রাজনৈতিক ব্যর্থতা’।রাষ্ট্রদূত এ সময় আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে গ্রেপ্তার এবং বাংলা ভাইয়ের জেএমবির বিরুদ্ধে তদন্ত চালানোকে স্বাগত জানান। সচিব কামালউদ্দিন এ সময় বলেন, অব্যাহত মার্কিন চাপ এবং একই সঙ্গে ওয়াশিংটনে বাংলাদেশ বিষয়ে বিশ্বব্যাংকের বৈঠক অবশেষে খালেদা জিয়াকে বোঝাতে সক্ষম হয়েছে যে আন্তর্জাতিক মহলে সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে রাজশাহী অঞ্চলের বিএনপির সাংসদদের আর রক্ষা না করে জেএমবির ‘দুর্বৃত্তদের’ গ্রেপ্তার করা দরকার। খালেদা সরকারের সমালোচনা করে মুখ্যসচিব বলেন, ‘এই বিএনপি সরকারের সমস্যা হচ্ছে, তারা শুধু চাপের মুখে কাজ করে। এ জন্য যে কাজ কয়েক মাস আগেই করা উচিত ছিল, তা পরে করে কোনো স্বীকৃতি পায় না।’ রাষ্ট্রদূতের সঙ্গে একমত পোষণ করে সচিব বলেন, স্বয়ং বাংলা ভাইকে গ্রেপ্তার করাটা জরুরি। তিনি বলেন, ‘এরা জানে ওরা কোথায় আছে।’কিবরিয়ার হত্যাকারীদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত। তিনি এই ঘটনায় বিএনপির অভিযুক্ত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার যোগসূত্র থাকা নিয়ে প্রচারমাধ্যমের খবরের কথা উল্লেখ করেন। তখন মুখ্যসচিব মজা করে বলেন, রাষ্ট্রদূত কি তাঁর নামটি জানতে চান? তিনি বলেন, তাঁকে সবাই চেনে, তিনি সিলেটের লোক এবং একটি ‘সমস্যা’। তারবার্তায় এখানে বন্ধনীর ভেতর লেখা হয়েছে, ‘সিদ্দিকী প্রধানমন্ত্রীর দপ্তরের রাজনৈতিক সচিবের কথা বলছিলেন।’বোয়িং বিমান কেনা প্রসঙ্গে কামালউদ্দিন সিদ্দিকী রাষ্ট্রদূতকে বলেন, তিনি বিমানের জন্য বোয়িংয়ের উড়োজাহাজ কেনার পক্ষে। মুখ্যসচিব পরের দিনের মন্ত্রিসভার বৈঠকের পর বোয়িং থেকে উড়োজাহাজ কেনার রাজনৈতিক ও বাণিজ্যিক সুবিধা বিষয়ে ‘নিরুৎ সাহী’ প্রতিমন্ত্রীকে বোঝানোর জোরদার চেষ্টা করবেন বলে জানান। সিদ্দিকী ইংগিত দেন এ ব্যাপারে সিদ্ধান্ত বিলম্বিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রতিমন্ত্রী মীর নাসিরউদ্দিনের ঘুষ পাওয়ার আকাঙ্ক্ষা।