'তারেকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানার ভিত্তি নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য দরখাস্তের আইনগত ভিত্তি নেই এবং যে আদেশ দেওয়া হয়েছে, তা অকার্যকর বলে দাবি করেছেন তাঁর আইনজীবী ও দলীয় সাংসদ মাহবুব উদ্দিন। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন এ কথা বলেন। তাঁর দাবি, পৃথিবীর কোথাও রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে সরকারের নির্দেশে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোল কাউকে গ্রেপ্তার করেছে, এ রকম কোনো নজির নেই।

  মাহবুব উদ্দিন বলেন, তারেক রহমান ২০০৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান। তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। এখনো পুরোপুরি সুস্থ হননি। সুস্থ হলে তিনি দেশে ফিরবেন। তিনি বলেন, ২০ মে তারেক রহমান লন্ডনে একটি রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত হন। এর পরিপ্রেক্ষিতে একজন প্রতিমন্ত্রী বলেছেন, তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসা হবে। এর পরপরই দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে দরখাস্ত দাখিল করা হয়। আদালত আদেশ দেন। দুদক যে সরকারি নির্দেশে চলে, তা আবার প্রমাণিত হলো।

বনমন্ত্রীকে আইনি নোটিশ: পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানকে ‘ডাকাতের’ সঙ্গে তুলনা করে মানহানিকর ও আপত্তিকর মন্তব্য করায় তাঁর পক্ষে আইনজীবী কায়সার কামাল গতকাল সোমবার রেজিস্ট্রি ডাক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ আইনি নোটিশ পাঠান।

নোটিশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে হাছান মাহমুদকে ওই অভিযোগ প্রমাণ করতে, নতুবা বক্তব্যের জন্য জনসমক্ষে ও তারেক রহমানের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়।