‘তাল হইতে সাবধান!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন ছোট একটি মাঠের মধ্যে একটি পরিপক্ব তালগাছ। নিরিবিলি ও ছায়াঘেরা পরিবেশে রয়েছে দুটি চায়ের দোকান।উপজেলার বিভিন্ন এলাকা থেকে দাপ্তরিক কাজে আসা মানুষ সেখানে বসে চা-পান করেন এবং অলস সময় কাটান। সকাল থেকে বিকেল পর্যন্ত সরব থাকে দোকান দুটি। কিন্তু বিপত্তি ঘটেছে এই ভাদ্রে। দোকানের পাশের তালগাছের তালগুলো পাকতে শুরু করেছে। মাঝেমধ্যেই ঝরে পড়ছে খদ্দেরদের মাথায়। সম্প্রতি মাথায় তাল পড়ে আহত হন পাঁচজন। শেষ পর্যন্ত দোকান দুটিতে টাঙানো হয়েছে সতর্কীকরণ প্ল্যাকার্ড। তাতে লেখা রয়েছে ‘তাল হইতে সাবধান’।চায়ের দোকানি বাবু ও সাকাওয়াত হোসেন জানান, তাঁরা ২৫ বছর ধরে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তাঁরা যখন দোকান শুরু করেন, তখন তালগাছটি ছোট ছিল। কিন্তু সাত-আট বছর ধরে প্রতি ভাদ্রে বিড়ম্বনায় পড়তে হয় তাঁদের। তাই খদ্দেরদের সতর্ক করতে তাঁরা বাধ্য হয়ে প্ল্যাকার্ডটি লাগিয়েছেন। দোকানের একটু দূরে বসে চা পান করছিলেন স্থানীয় বিলসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান। তিনি বলেন, ‘সতর্কীকরণ বার্তাটিতে কাজ হচ্ছে। আমি নিয়মিত এখানে বসে চা পান করি। গাছের তাল পেকে যাওয়ায় সতর্কতা অবলম্বন করতে একটু দূরে বসেছি।’