'তালিকার' ভিত্তিতেই গ্রেপ্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দল থেকে পাওয়া একাধিক তালিকার ভিত্তিতে চট্টগ্রামে ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। নাম না প্রকাশের শর্তে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
গত শনিবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে ২০-দলীয় জোটের শতাধিক নেতা-কর্মীর বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, সরবরাহ করা তালিকায় থানা ও ওয়ার্ডভিত্তিক নেতা-কর্মীদের নাম-ঠিকানা আছে। নির্বাচনের আগেই তাঁদের গ্রেপ্তারের নির্দেশনা আছে। এ কারণে গত শুক্রবার রাত থেকে চট্টগ্রাম নগরে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।
এ বিষয়ে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা জেনেছি ঢাকা থেকে এবং স্থানীয়ভাবে বিএনপির থানা, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক নেতা-কর্মীদের নামের তালিকা পুলিশের কাছে পাঠানো হয়েছে। তালিকায় আড়াই-তিন হাজার নেতা-কর্মীর নাম আছে। আমাদের নেতা-কর্মীদের কারাগারে রেখে সরকার-সমর্থক প্রার্থীকে জয়ী করার নীলনকশা তৈরি করা হয়েছে।’
আমীর খসরু বলেন, ‘গত দুদিনে আমাদের ২৪-২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান আঁচ করতে পেরে আমাদের হাজার হাজার নেতা-কর্মী এখন আর বাড়িঘরে থাকছেন না। নির্বাচন কমিশন নিশ্চুপ হয়ে আছে। অন্যদিকে সরকার-সমর্থক হাজার হাজার ক্যাডারকে বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার থেকে চট্টগ্রামে জড়ো করা হচ্ছে।’
তালিকার বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, ‘তিন মাসে নাশকতা ও সহিংসতার ঘটনায় চট্টগ্রাম নগরে ২ হাজার ৪০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের ব্যাপারে আইন তার নিজস্ব গতিতে চলবে।’
পুলিশের একাধিক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে জানান, বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দল থেকে পাওয়া তালিকার ভিত্তিতে পুলিশ একযোগে ১৬টি থানা এলাকায় অভিযান চালাচ্ছে। কিন্তু বিএনপির নেতা-কর্মীদের বাসায় পাওয়া যাচ্ছে না।
গ্রেপ্তার: গত শনিবার রাতে নগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ খানসহ ১৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বিএনপি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১০ জন ১০টি ভোটকেন্দ্রভিত্তিক কমিটির আহ্বায়ক কিংবা সদস্যসচিব।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. নেজাম উদ্দিন জানান, রাশেদ খান জামিনে ছিলেন। গতকাল রোববার তাঁকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেছেন, নির্বাচনী কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারেন, এমন নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। শ্রমিক দলের কেন্দ্রীয় সহসম্পাদক নাজিম উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা নেই। অথচ তিনিসহ আরও শতাধিক নেতার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। তিনি বলেন, ‘আমরা মনে করেছিলাম, যাঁরা মামলার আসামি নন, তাঁদের বাড়িতে অভিযান চালানো হবে না। কিন্তু আমাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে।’
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, বিভিন্ন মামলার আসামিদের বাড়িতেই পুলিশ অভিযান চালাচ্ছে। শনিবার রাতে ১৫-১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।