'তাহলে আবার হরতাল কেন?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিসের জন্যে হরতাল! শনিবার তো তাদের (দুই নেত্রী) মধ্যে কথা হইছে, তাহলে আবার হরতাল কেন?’
বিরক্তি নিয়ে সামনে বসা লোকজনের উদ্দেশে এ প্রশ্ন ছুড়ে দেন আবদুল।
মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের উল্টো দিকেই তাঁর ছোট চায়ের দোকান। দিনভর চা বানিয়ে কুল করতে পারেন না। তাই তাঁর দুজন সহকারী রয়েছে। কিন্তু ১৮-দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিন গতকাল রোববার বেলা ১১টা পর্যন্ত তিনি মাত্র ১৫ কাপ চা বেচতে পেরেছেন।
আবদুলের দোকানের পাশেই পাকা পেঁপে আর ডাব নিয়ে বসেছেন টাঙ্গাইলের মো. শহীদুল ইসলাম। দুই টহলরত পুলিশ ইমতিয়াজ ও নাসির ডাব খাচ্ছিলেন। বেচা-বিক্রির খবর জানতে চাইলে খেপে উঠেন শহীদুল। সকালে নিজের দেখা অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘সকালে এইহানে আসনের আগে পিকেটারগো দৌড়ান দিছিল, কিছু দূর যাইয়া ঘুইরা দেখি, হেরা একটা গাড়ি ভাঙতেছে।’ পুলিশ দুজনেরও মেজাজ খারাপ। নাসির বলেন, ‘আমরা দলে ভারী থাকলে পিকেটার তাড়াই, নয়তো শেলটার নেই।’
দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত মতিঝিলের এলাকার রাস্তায় বাস বা হিউম্যান হলারজাতীয় যানবাহন চলতে দেখা যায়নি। অধিকাংশ কার্যালয় থেকে দুপুরের পর পরই লোকজন বেরিয়ে নিজ নিজ গন্তব্যের দিকে হাঁটা দেন। তবে রিকশা ছিল প্রচুর।
মালিবাগ বাজারের সামনে প্রতিদিনের মতো শাক-সবজির পসরা সাজানো। কিন্তু ক্রেতা নেই। বেলা আড়াইটা পর্যন্ত শাক বিক্রেতা বাহার আলী মাত্র ৩০০ টাকার বেচাকেনা হয়েছে জানিয়ে বলেন, ‘সকাল সাড়ে সাতটার দিকে সামান্য কিছু বিক্রি হয়েছিল। ওই যা। আর ক্রেতা নেই।’
এর আগে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে ও টিএসসি মোড়ে প্রতিদিনের মতো জমজমাট আড্ডা চোখে পড়ল না। টিএসসির চায়ের দোকানদার স্বপন রাগারাগি করছেন তাঁর সহকারীর সঙ্গে। কারণ জানতে চাইলে তিনি জানান, হরতালে চায়ের হিসাব অনুযায়ী টাকা মেলে না। কারণ, বেশির ভাগ সময় টহলধারী পুলিশ চা খেয়ে দাম ঠিকমতো দেয় না।