‘তাহের ভাই কালো টাকার মালিক ছিলেন না’
‘আমাদের তাহের ভাই কালো টাকার মালিক ছিলেন না। দুর্নীতির কোনো অভিযোগও তাঁর বিরুদ্ধে ছিল না। এ কারণেই তিনি দুর্বৃত্তদের আক্রোশের মুখে ছিলেন। তাঁকে নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছে।’গতকাল রোববার সিলেটে জালালাবাদ গ্যাস ভবনে সিবিএর তিন দিনের প্রতিবাদ ও শোক কর্মসূচির শেষ দিনের সমাবেশে বক্তারা এ কথা বলেন। জালালাবাদ গ্যাসের সিবিএর সভাপতি আবু তাহের হত্যাকাণ্ডের তিন দিন পরও অপরাধী শনাক্ত না হওয়ায় আজ সোমবার বিকেলে সিবিএর জরুরি সভা আহ্বান করা হয়েছে। এ সভা থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। সিবিএ জানায়, গত বৃহস্পতিবার সকালে তাহের হত্যাকাণ্ডের পর দিন থেকে তিন দিনের শোক ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে গতকাল গ্যাস ভবনে প্রতিবাদ সভা ও জোহরের নামাজ শেষে মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ হয়। জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের (১৬৯০) ভারপ্রাপ্ত সভাপতি জমসেদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সাধারণ সম্পাদক শামসুল হকসহ সিবিএর নেতা আবু সিদ্দিক, সগিরউদ্দিন, আবুল হাসান, জাকির হোসেন, লুৎফুর রহমান প্রমুখ বক্তৃতা দেন। গ্যাস ভবনে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা আবু তাহেরের স্মৃতিচারণ করে কান্নাজড়িত কণ্ঠে হত্যা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।সিবিএর সাধারণ সম্পাদক শামসুল হক প্রথম আলোকে জানান, নৃশংস এ হত্যাকাণ্ডের পর থেকে সিবিএর সব সদস্যই মানসিকভাবে মুষড়ে পড়েছেন। এ জন্য কঠোর কোনো কর্মসূচি দেওয়া হয়নি। আজ সোমবার জরুরি সভার মাধ্যমে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। শ্রমিক লীগের বিক্ষোভ : জাতীয় শ্রমিক লীগ গতকাল দুপুরে নগরে বিক্ষোভের মাধ্যমে তাহের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। দুপুর ১২টায় নগরের তালতলা এলাকায় বিক্ষোভ মিছিল করে তাঁরা প্রতিবাদ সমাবেশে মিলিত হন। প্রতিবাদ সমাবেশে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউল আলম চৌধুরী ও জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক, মহানগর শ্রমিক লীগের সভাপতি জাফর আহমদ চৌধুরীসহ জালালাবাদ গ্যাসের সিবিএর নেতারা বক্তব্য দেন।