'তাহের হত্যাকারী জিয়ার' মরণোত্তর বিচার চাইলেন ইনু
কর্নেল তাহেরকে অন্যায়ভাবে হত্যার জন্য জিয়াউর রহমানকে দায়ী করে তাঁর মরণোত্তর বিচার দাবি করলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সেই সঙ্গে দেশ থেকে যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদী অপশক্তিকে চিরতরে বিতাড়নের জন্য রাজনৈতিক ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের ৩৯তম শাহাদত বার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, ‘জেনারেল জিয়া তাঁর ক্ষমতা চিরস্থায়ী করতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৯৭৬ সালের এই দিনে আদর্শবান মুক্তিযোদ্ধা তাহেরকে হত্যা করেন। বীর উত্তম কর্নেল তাহেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার সঙ্গে সঙ্গে ইতিহাসের খলনায়ক জিয়াউর রহমানসহ সব খুনির মরণোত্তর বিচারের ব্যবস্থা করার জন্য নিজের এবং জাসদের পক্ষ থেকে দেশবাসী ও সকল সংসদ সদস্যের প্রতি আহ্বান জানাচ্ছি।’
মন্ত্রী এ সময় বিশ্বের অন্যান্য দেশে এ ধরনের ঘৃণ্য অপরাধের জন্য প্রচলিত মরণোত্তর বিচার ব্যবস্থার উদাহরণ তুলে ধরেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িক অপশক্তির আমদানি, যুদ্ধাপরাধী-রাজাকারদের পুনর্বাসন, মুক্তিযুদ্ধের চেতনাকে খাটো করা, ইতিহাসবিকৃতি, বঙ্গবন্ধু ও গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর গভীর ষড়যন্ত্র চরিতার্থ করতে জিয়াউর রহমান কর্নেল তাহেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন। কিন্তু কর্নেল তাহের আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেও জেনারেল জিয়া তার ক্ষমতা ধরে রাখতে পারেননি।’
‘গোপন বিচারে দেশপ্রেমিক কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা যে অন্যায় ছিল এবং জেনারেল জিয়া যে একজন ঠান্ডা মাথার খুনি, আদালতের রায়ে তা আজ সুস্পষ্ট’-মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, ‘জিয়া এবং তার উত্তরসূরিরা ক্যান্টনমেন্টকে কসাইখানা বানিয়েছেন, শেখ হাসিনাকে হত্যার জঘন্য অপচেষ্টা চালিয়েছেন, আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করেছেন।’
যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদী অপশক্তির দিকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘হয় ওরা থাকবে, না হয় আমরা। আর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশে আমাদেরই বিজয় হবে।’
জাতীয় শ্রমিক জোট সভাপতি শিরিন আকতার, কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, জাতীয় নারীজোটের সভাপতি আফরোজা হক রীনা, জাসদ মহানগরের প্রধান সমন্বয়ক মীর হোসেন আখতার, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সামছুল ইসলাম সুমন প্রমুখ তাঁদের আলোচনায় কর্নেল তাহেরের ত্যাগ ও বিপ্লবী আদর্শ তুলে ধরেন।