ঢাকার গুলশানের রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় ভেতরে আটকে থাকা একজনের সঙ্গে তাঁর ভাইয়ের মুঠোফোনে খুদে বার্তার আদান-প্রদান হয়। জঙ্গিদের হাতে জিম্মি থাকা ওই ব্যক্তির সঙ্গে গত শুক্রবার দিবাগত রাত পৌনে একটা থেকে গতকাল শনিবার সকাল সোয়া ছয়টা পর্যন্ত যোগাযোগ রাখতে পারেন তাঁর ভাই। এরপর থেকে ওই ব্যক্তি রেস্তোরাঁর বাইরে অপেক্ষমাণ তাঁর ভাইয়ের খুদে বার্তার আর কোনো জবাব দেননি।
বাইরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষমাণ ভাই গোপাল রায় প্রথম আলোকে শনিবার ভোরে তাঁদের মধ্যে খুদে বার্তা আদান-প্রদানের তথ্য জানিয়েছেন। তিতুমীর কলেজের স্নাতকের শিক্ষার্থী গোপাল জানান, হলি আর্টিজান রেস্তোরাঁয় কিচেনে বাবুর্চি হিসেবে কাজ করেন তাঁর বড় ভাই সমীর বাড়ৈ। ভাগনে রিন্টু কীর্তনীয়া (১৬) একই রেস্তোরাঁয় কাজ করে। তাঁরা দুজন আরও ছয়জনের সঙ্গে হলি আর্টিজান বেকারির একটি টয়লেটে জিম্মি হন। তবে সকালে রিন্টুকে উদ্ধার করা হলেও সমীরের বিষয়ে কোনো তথ্য পায়নি তাঁর পরিবার। রিন্টুও মামার কোনো খোঁজ দিতে পারেনি।
এই প্রতিবেদকের সঙ্গে গতকাল সকাল সাড়ে ১০টায় সর্বশেষ কথা হয় গোপালের। তখন পর্যন্ত সমীরের কোনো খোঁজ পাননি তিনি। ঘটনাস্থলে দেখা যায়, সমীরের দুই বোন মিতালি ওঝা ও পুতুল পান্ডে ‘আমার ভাই কোথায়?’ ‘ভাইকে ফিরিয়ে দাও’ বলে আহাজারি করছেন।
ঘটনা জানতে পেরে শুক্রবার রাত সাড়ে নয়টায় গোপাল প্রথম ফোন দেন সমীরকে। সমীর ফোন ধরেননি। গোপাল দ্বিতীয়বার ফোন দিলেও সমীর তা ধরেননি। রাত ১টা ৪৪ মিনিটে গোপালের পাঠানো খুদে বার্তার (এসএমএস) প্রথম জবাব দেন সমীর।
গোপাল ও সমীরের আদান-প্রদান করা খুদে বার্তা হুবহু দেওয়া হলো:
গোপাল: কী অবস্থায় আছেন?
সমীর: আমি ও ভাগনে ভালো আছি। ওরা লক করে দিছে দরজা বাইরে থেকে।
গোপাল: র্যাব সব দেখতেছে, আপনাদের যাতে ক্ষতি না হয়, তাই কিছু করতেছে না।
রাত ১টা ৫৪ মিনিটে সমীর আবার গোপালকে খুদে বার্তা পাঠান
সমীর: ছোট সুমন জানে আমাদের টয়লেট কোথায়। আমরা সেখানে। পারলে ওয়াল ভাঙো।
গোপাল: ফেসবুক অন করেন। প্লিজ গিভ মি ওয়ান পিকচার।
রাত ২টা ১৫ মিনিট
গোপাল: ওরা কি জানে আপনারা টয়লেটে?
সমীর: হ্যাঁ।
গোপাল: আপনাদের কিছু বলে কি?
সমীর: ঠিক আছি। আমাদের কাছে কিছু চায় না। আমাদের তালা মেরে রেখেছে।
গোপাল: আপনারা টয়লেটে এক সাইড হয়ে বসেন। ওরা ফায়ার করতে পারে।
সমীর: হ্যাঁ, আছি।
শনিবার ভোর ৪টা ৪৮ মিনিট
গোপাল: দাদা, এখন কেমন?
সমীর: এই তো।
ভোর ৫টা ২৮ মিনিট
গোপাল: আমরা সবাই আশীর্বাদ করি সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসেন।
সমীর: হ্যাঁ, ভাই।
৫টা ৪৮ মিনিট
সমীর: এখন হয়তো র্যাব ঢুকবে। তোমরা তাড়াতাড়ি টয়লেটে আসো। এখানে খুব কষ্টে আছি।
গোপাল: আমি এক মেজরকে বলেছি।
সকাল ৬টা ২২ মিনিট
গোপাল: ‘প্লিজ, বলেন এখন কেমন আছেন?’
সমীর ওই বার্তার কোনো জবাব দেননি।
গোপাল জানান, তাঁদের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোগাড়পাড় গ্রামে। তাঁরা দুই ভাই ও তিন বোন। গোপাল নিজেও গুলশানের ৫০ নম্বর সড়কে একটি রেস্তোরাঁয় কাজ করেন।