‘তিন গ্রামে হত্যাকাণ্ডে সেনাদের সঙ্গে ছিলেন মুজাহিদ’
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ফরিদপুরের হিন্দু-অধ্যুষিত তিনটি গ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে আদালতে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী আবদুল মালেক মিয়া তাঁর জবানবন্দিতে এ অভিযোগ করেছেন। মালেক মিয়া বলেছেন, ঘটনাস্থলে উপস্থিত মানুষের কাছ থেকে এ তথ্য জেনেছেন তিনি।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ওই ট্রাইব্যুনালে গতকাল জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। জামায়াতের নেতা মুজাহিদ এ সময় আসামির কাঠগড়ায় ছিলেন।জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী আবদুল মালেক বলেন, একাত্তরে তিনি ডিগ্রির চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২১ এপ্রিল পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ করতে করতে গোয়ালন্দ হয়ে ফরিদপুরে ঢোকে। সেনারা পুলিশ লাইন, স্টেডিয়াম ও রাজেন্দ্র কলেজে ক্যাম্প স্থাপন করে এবং বিহারি ও রাজাকারদের সঙ্গে নিয়ে বিভিন্ন অপকর্ম করে।আবদুল মালেক বলেন, বাংলা জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি একদিন সকালে স্ত্রী তাঁকে ঘুম ভাঙিয়ে বলেন, পাকিস্তানি সেনারা গ্রামে আসছে, তাড়াতাড়ি সরে যেতে হবে। তিনি বাড়ির পাশে একটি ডোবার মধ্যে কচুরিপানায় লুকান। তাঁদের গ্রামটি মুসলমান-অধ্যুষিত ছিল বলে পাকিস্তানি সেনারা কোনো ক্ষতি করেনি। কিন্তু পাশের হিন্দু-অধ্যুষিত বৈদ্যডাঙ্গি, বালাডাঙ্গি ও মঝিডাঙ্গি গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি করে অনেক মানুষকে হত্যা করে এবং পুরো গ্রাম জ্বালিয়ে দেয়।জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষের সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। মুজাহিদকে আগে কি চিনতেন?—এ প্রশ্নের জবাবে সাক্ষী ‘না’ সূচক জবাব দেন। জেরার শেষ পর্যায়ে মিজানুর রহমান মত দেন, মুজাহিদকে ‘জাতীয় রাজনীতিতে অযোগ্য ও অগ্রহণযোগ্য করতে’ সাক্ষী এ জবানবন্দি দিয়েছেন। জবাবে আবদুল মালেক বলেন, ‘সত্য নয়।’ এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।