‘তিন চাকার যোদ্ধা’
জীবন বাজি রেখে যে হাতে অস্ত্র ধরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, আজ সেই হাতে রিকশার হাতল ধরে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন মুক্তিযোদ্ধা আফছার আলী আকন্দ (৭০)। আগে অন্যের কৃষিজমি পত্তন নিয়ে কোনোরকমে সংসার চালাতেন। এখন জমি পত্তন নিয়ে চাষাবাদ করার মতো টাকা না থাকায় রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন।আফছার আলী জানান, বৃদ্ধ বলে দিনের বেলায় অনেক যাত্রী তাঁর রিকশায় উঠতে চান না। তাই রাতেই রিকশা চালান তিনি। গভীর রাতে বাস থেকে যাত্রীরা নেমে অন্য রিকশা না পেয়ে বাধ্য হয়েই তাঁর রিকশায় ওঠেন। আফছার আলী আকন্দ জয়পুরপাড়ার একটি ছোট্ট জীর্ণ বাড়িতে বসবাস করেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকেন। স্ত্রীকে নিয়ে তাঁর সংসার।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাহবুবুর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধাদের এভাবে জীবন চালাতে হবে, আমরা ভাবিনি।’