'তিন-চার সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল নগর ভবনে সাঈদ খোকন
গতকাল নগর ভবনে সাঈদ খোকন

আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মেয়র সাঈদ খোকন।

গতকাল শুক্রবার নগর ভবনে মশক নিধনে নেওয়া বিশেষ ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনের সময় মেয়র এই আশাবাদ ব্যক্ত করেন।

সাঈদ খোকন বলেন, দক্ষিণ সিটি এলাকায় চিকুনগুনিয়া মহামারি আকারে ছড়িয়েছে, এটা বলা যাবে না। এখানে চিকুনগুনিয়া মহামারির ধারেকাছেও নেই। আগামী তিন-চার সপ্তাহের মধ্যেই এটি নিয়ন্ত্রণে আসবে। তাঁর দাবি, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যাও কম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডকে পাঁচটি অঞ্চলে ভাগ করে এত দিন মশা মারার কার্যক্রম চলছিল। নতুন কর্মসূচিতে সব লোকবল ও যন্ত্রপাতি একত্র করে একেকটি অঞ্চল ধরে অভিযান চালানো হবে। অভিযানে ১৪৮টি ফগার মেশিন ও ২৭১টি হস্তচালিত মেশিন ব্যবহার করা হবে।

মেয়র আরও বলেন, ডিএসসিসি এলাকায় কারও বাসার সামনে ফগার মেশিনে ওষুধ প্রয়োগের সময় কেউ বাসার ভেতরে ওষুধ ছিটাতে বললে কর্মীরা তা করতে বাধ্য থাকবে।

নতুন ক্রাশ প্রোগ্রামের শুরুর দিনে ডিএসসিসির অঞ্চল-৪-এর ১১টি ওয়ার্ডে মশা মারার কার্যক্রম চালানো হয়। এ ছাড়া সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সব কটি অঞ্চলে এই অভিযান চালানো হবে।