দীর্ঘ ২৩ বছর ধরে চলা চট্টগ্রামের সন্দ্বীপের গাড়োয়ান হত্যা মামলায় সাক্ষী হাজির করতে না পারায় সাক্ষ্য গ্রহণ হয়নি। গতকাল বৃহস্পতিবার সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম ও চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান আদালতে সশরীরে হাজির হয়ে তদন্ত কর্মকর্তাসহ দুই পুলিশ সাক্ষীকে পাওয়া যায়নি বলে জানান। চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ মামলার বিচার চলছে।
গত ২০ আগস্ট প্রথম আলোয় ‘২৩ বছর ধরে মামলা, বাদী শয্যাশায়ী, মারা গেছেন তিন আসামি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক বিচারিক সম্মেলনে (জুডিশিয়াল কনফারেন্স) সন্দ্বীপের ওই হত্যা মামলা নিয়ে আলোচনা হয়। মামলাটি দীর্ঘ সময়েও নিষ্পত্তি না হওয়ায় গত ৮ আগস্ট বিচারকের কাছে কারণ ব্যাখ্যা চান হাইকোর্ট। একই সঙ্গে তিন মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেন।
১৯৯৩ সালের ৬ আগস্ট সন্দ্বীপের কচুয়াখালী এলাকায় আক্কাস উদ্দিন নামের এক যুবককে ১৫ হাজার টাকা চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। আক্কাস গরুর গাড়ি চালাতেন। সাড়ে আট বছরে এই মামলায় একজন সাক্ষীকেও হাজির করতে পারেনি পুলিশ। এই সময়ের মধ্যে মোট ৪৩ বার মামলার তারিখ পড়েছে। আট আসামির মধ্যে প্রধান তিন আসামি মারা গেছেন। বয়সের ভারে মামলার বাদী ও আক্কাসের বাবা আবুল খায়ের এখন চলাফেরা করার শক্তিও হারিয়ে ফেলেছেন। মামলার ২৫ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১০ জন সাক্ষ্য দিয়েছেন। তদন্ত কর্মকর্তাসহ পুলিশের তিন সদস্য এখনো সাক্ষ্য দেননি।
চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অজয় বোস প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশে সন্দ্বীপ থানার ওসি ও জেলা কোর্ট পরিদর্শক হাজির হয়ে সাক্ষী হাজির না হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন আদালতে। তাঁরা জানান, তদন্ত কর্মকর্তাসহ তিন পুলিশ চাকরি থেকে অবসরে যাওয়ায় তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের খোঁজা হচ্ছে। সাক্ষীদের মধ্যে বেশির ভাগই নিরুদ্দেশ হয়ে গেছেন। নদীভাঙনে অনেকে এলাকা ছেড়ে চলে যান। পরে আদালত আগামী ২০ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রাখেন।