'তিন বছরে ঢাকা পাল্টে যাবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী চার বছরে নিজের সব অঙ্গীকার পূরণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, ঢাকা পাল্টে যাবে। তিন বছর পর এ শহর হবে পরিচ্ছন্ন ও সবুজ নগরী।
তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার রাতে বিজিএমইএ নিজেদের কার্যালয়ে ওই সংবর্ধনার আয়োজন করে।
এতে মেয়র নির্বাচিত হওয়ায় আনিসুল হক, এফবিসিসিআইয়ের সহসভাপতি হওয়ায় মো. শফিউল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়ায় এ কে আজাদ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুস সালাম মুর্শেদীকে সংবর্ধনা দেয় বিজিএমইএ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের পরিচালক হওয়ায় সিদ্দিকুর রহমানকেও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানায় বিজিএমইএ।
তোফায়েল আহমেদ বলেন, রানা প্লাজা ধসের পর তা যত প্রচার করা হয়েছে, তা অন্য দেশে হয় না। দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি ফেরি ডুবে বহু মানুষের মৃত্যু হয়েছে। তারা একটি লাশও দেখায়নি। যুক্তরাষ্ট্রে সার কারখানায় দুর্ঘটনার পর দ্বিতীয় দিন আর কোনো সংবাদ হয়নি। বাংলাদেশে রানা প্লাজার দুর্ঘটনায় ১৭ দিন সরাসরি সম্প্রচার করা হয়েছে।
ঢাকা শহরকে পরিবর্তন করতে যে রাজনৈতিক সদিচ্ছা দরকার, তা তাঁর আছে উল্লেখ করে আনিসুল হক বলেন, এ ক্ষেত্রে সরকার, স্থানীয় সাংসদ ও কাউন্সিলররা সহযোগিতা করছেন। এ কে আজাদ বলেন, সামনে দুঃসময় আসছে। তৃতীয় দেশে বিনিয়োগ না থাকলে ক্রেতারা ব্যবসা বাড়াতে রাজি হচ্ছে না। বেশ কিছু ক্রেতা প্রতিষ্ঠান কার্যাদেশ কমিয়ে দিয়েছে। অনুষ্ঠানে জ্বালানি তেলের দাম আরও কমানোর দাবি জানান সালাম মুর্শেদী। তিনি বলেন, প্রতিযোগী দেশগুলোর রপ্তানিকারকেরা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সুফল পাচ্ছেন। কিন্তু বাংলাদেশে এক বছর পর এসে সামান্য হারে কমানো হয়েছে।
সালাম মুর্শেদী বলেন, ‘চীন ও ভারত মুদ্রার অবমূল্যায়ন ঘটিয়ে প্রতিযোগিতায় এগিয়ে গেছে। আমরা তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছি না।’