জোছনা বেগম (৩৫) চাকরি করেন ঢাকার একটি তৈরি পোশাক কারখানায়। বাড়ি কিশোরগঞ্জের ইটনার বাজারহাটি গ্রামে। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে খুব বেশি প্রয়োজন ছাড়া গ্রামে আসা পড়ে না তাঁর। গতকাল মঙ্গলবার তিনি গ্রামে এসেছেন। উদ্দেশ্য, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। জোছনা বলেন, ‘আমরা জানি এইটা তিন মাইয়া (তিন মাস মেয়াদের) ইলেকশন। যে পাস করব তিনি তিন মাসের এমপি হবেন। শুরুতে ভাবছিলাম, কষ্ট কইরা ভোট দিয়া কী লাভ! এখন দেখছি নির্বাচন জইমা গেছে।’ জোছনার মতো কর্মসূত্রে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হাওরের তিন উপজেলা ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইনের ভোটাররা দলে দলে গ্রামে ফিরছেন। তাঁদের উপস্থিতি হাওরে ভোটের উৎসবে ভিন্নমাত্রা যোগ করেছে। জানা গেল, হাওরের বিস্তীর্ণ জলরাশির উথালপাতাল ঢেউয়ের মতোই কিশোরগঞ্জ-৪ উপনির্বাচনের ভোট তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করে। আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলামের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর সবাই ধরে নিয়েছিলেন, তাঁদের আর ভোটকেন্দ্রে যাওয়া লাগবে না। আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাঁদের ভোটের পরিবেশ সৃষ্টি হয়। বয়সে তরুণ এই প্রার্থীর খুব বেশি পরিচিতি না থাকায় ভোটের ফল হবে একতরফা—এমন ধারণাও পেয়ে বসেছিল অনেককে। তা ছাড়া তাঁরা জানতেন, এই নির্বাচনের মেয়াদ তিন মাস। হাওরবাসী এই নির্বাচনকে ‘তিন মাইয়া’ নির্বাচন হিসেবে আখ্যায়িত করে ভোটের প্রতি অনাগ্রহ দেখাতেন। এই কারণে উপনির্বাচন তাঁদের দৈনিন্দন জীবনে বাড়তি আমেজ সৃষ্টি করতে পারেনি। কিছুদিন পর লড়াইটা আর একতরফা না থাকায় সব শ্রেণীর ভোটারের মধ্যে আগ্রহ তৈরি করে। শেষ বেলায় এসে ফলাফল যে কারও পাল্লায় (মহিতুল ইসলাম ও আওয়ামী লীগের রেজওয়ান আহাম্মদ) উঠতে পারে—এমন ধারণা থেকে ভোট নিয়ে ভোটের আমেজ তৈরি হয়েছে। এই আমেজ স্পর্শ করে কর্মসূত্রে দেশের বিভিন্ন স্থানে বসবাসকারীদের মধ্যেও। ঢাকায় একটি মুঠোফোন কোম্পানিতে কর্মরত সুরঞ্জিত দাসের গ্রামের বাড়ি অষ্টগ্রাম সদরের মসজিদ জামপাড়ায়। একই কারণে গত সোমবার তিনি হাওরমুখী হন। সুরঞ্জিত জানালেন, ভোট দিতে তিনি একা আসেননি। তাঁর সঙ্গে অনেকে এসেছেন। আরও অনেকে আসছেন। ভোট কর্মস্থলে আটকে রাখতে পারেনি অষ্টগ্রাম সদরের মীরবাড়ির শাখাওয়াত হোসেনকেও। ঢাকায় বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানা থেকে ছুটি নিয়ে সোমবার চার ঘণ্টায় তিনি ভৈরব আসেন। সেখান থেকে লঞ্চে আরও তিন ঘণ্টার পথ পাড়ি দিয়ে গ্রামে আসা। শাখাওয়াত বলেন, ‘মনে হয়েছে, ভোটটা না দিলে আমার পছন্দের প্রার্থী এক ভোটে হেরে যেতে পারেন। সেই কারণে ঢাকায় মন টিকল না। চলে এলাম।’