‘তিন শ টেখা দিয়াও কামলা পাইরাম না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠভরা সোনালি পাকা ধান। কিন্তু কৃষিশ্রমিকের অভাবে সে ধান কেটে ঘরে তুলতে পারছেন না কৃষক। অন্যদিকে দাদনের কবলে পড়া অনেক কৃষক মাঠের ফসল মাঠেই বিলিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। তাই ভালো ফলন সত্ত্বেও হাসি নেই। মৌলভীবাজারের কাওয়াদীঘি হাওরাঞ্চল ও হবিগঞ্জের বিভিন্ন উপজেলা ঘুরে এই বাস্তবতা লক্ষ করা গেছে।শুধু বোরো ফসলের ওপর নির্ভরশীল হাওরপাড়ের মানুষের এখন বিশ্রাম নেই। কৃষিশ্রমিক না পেয়ে এবার নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই ধান কাটায় ব্যস্ত। শিলাবৃষ্টি ও ভারী বর্ষণ হলে হাওর ভরে যাবে এবং তলিয়ে যাবে সব ফসল।মৌলভীবাজারে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাওরপাড়ের অন্তেহরি গ্রামের ঝান্টু দাস বলেন, ‘চাইর-পাঁচ কিয়ার খেত করছি। কিন্তু তিন শ টেখা রোজ দিয়াও কামলা পাইরাম না।’এই শ্রমিকসংকট ও ফসল নষ্ট হওয়ার আতঙ্ক কাওয়াদীঘি হাওরপাড়ের ইসলামপুর, মজেপরপুর, সোনাপুরসহ আশপাশের সব এলাকায়। এ ছাড়াও রয়েছে দাদনের সমস্যা। এলাকার অনেক কৃষক দাদনের চক্রে জড়িয়ে গেছেন। সেই চক্র থেকে তাঁরা আর বের হতে পারছেন না। স্থানীয় নান্টু দাস বলেন, ‘কৃষকরা খেত করার সময় দাদনে টাকা নিয়ে খেয়ে ফেলেন। ধান কাটার সময় দাদনের দেনা শোধ করতে করতে তাঁদের আর ধানই থাকে না।’ অন্যদিকে হবিগঞ্জ জেলায়ও এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু ধান কাটার শ্রমিকসংকটের কারণে সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না কৃষকেরা। বানিয়াচং উপজেলার বর্গাচাষি ফুল মিয়া বলেন, এই মুহূর্তে শ্রমিক না পাওয়া গেলে পরে কোনো কাজে আসবে না। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জওহর লাল মজুমদার বলেন, এবার হবিগঞ্জের সব কটি উপজেলায় ভালো ফলন হয়েছে। কৃষকেরা প্রায় ৩০ ভাগ ধান কেটে ফেলেছেন। তবে ধান কাটার শ্রমিকসংকটের কারণে এ উৎসবে অনেকটা ভাটা পড়েছে।