'তিনি উচ্চাকাঙ্ক্ষার দাসত্ব করেননি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহ্মদ কখনো উচ্চাকাঙ্ক্ষার দাসত্ব করেননি। এ জন্য তিনি স্বাধীন ছিলেন। বাংলার বুদ্ধিবৃত্তিক ইতিহাস ও মননশীলতার ক্ষেত্রে তিনি যে উদাহরণগুলো রেখে গেছেন, সেগুলো সঙ্গে নিয়েই আমাদের এগোতে হবে।
গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সালাহ্উদ্দীন আহ্মদের প্রথম মৃত্যুবার্ষিকী সামনে রেখে প্রকাশনা সংস্থা অ্যাডর্ন পাবলিকেশন আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, তাঁর (সালাহ্উদ্দীন আহ্মদ) সব চিন্তার মূলে ছিল যুক্তিবাদ, মানবিকতা ও সহনশীলতা। তিনি বাঙালি মুসলমান সমাজে যুক্তিবাদ চর্চার একটি ধারা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন।