বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের প্রতীক। তাঁর জীবন ছিল কণ্টকাকীর্ণ ও সংগ্রামমুখর। তিনি চিন্তায় ছিলেন বৈশ্বিক ও চেতনায় ছিলেন বাঙালি। তিনি জন্মেছেন বলেই পৃথিবীর মানচিত্রে স্থান পায় বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক খান তৌহিদ ওসমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. ফসিউল আলম, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ইমরান হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন হোসাইন কবির, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দিন, সিন্ডিকেট সদস্য নাসিম হাসান প্রমুখ। সেমিনার পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বিন আমিন।