‘তিনি দেখিয়েছেন মানুষকে কী করে ভালোবাসতে হয়’
‘জয়নাল আবেদীন নিজের জন্যে নয়, সারাটা জীবন মানুষের জন্যে কাজ করছেন। তিনি নজির হয়েছেন, আমাদের দেখিয়েছেন মানুষকে কী করে ভালোবাসতে হয়।’গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চল পরানগঞ্জ ইউনিয়নের টানহাসাদিয়া গ্রামের রিকশাচালক জয়নাল আবেদীনের গড়া মমতাজ হাসপাতালে অনুষ্ঠিত বিনা মূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির এ কথা বলেন।তিনি আরও বলেন, ‘প্রথম আলোতে এ সংবাদ প্রকাশের পর দেশ-বিদেশ থেকে বিভিন্ন পেশার মানুষ জয়নাল আবেদীনকে ভালোবেসে এই গ্রামে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তুলতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আর প্রত্যন্ত এ অঞ্চলে মমতাজ হাসপাতালের কার্যক্রম সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে সহযোগিতা করছে। তাই আমরা সরকারের পক্ষ থেকেও ভাবছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এখানে ভালো কিছু করা যায় কি না। তাছাড়া আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’ এলাকাবাসীর দাবির মুখে প্রতিমন্ত্রী হাসপাতালটির দেড় কিলোমিটার কাঁচা সড়ক পাকা করতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে গতকাল শুক্রবার দিনব্যাপী নাক, কান ও গলাবিষয়ক এই স্বাস্থ্য ক্যাম্পে বিনা মূল্যে এলাকার দরিদ্র বিভিন্ন বয়সী চার শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক মণিলাল আইচ। এ সময় তাঁর সঙ্গে চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ইসমাত জাহান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার নয়ন দাশ, ফয়সাল কামাল, ওয়াসিফ রহমান ও আশিক আল-মাহমুদ।এর আগে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গত ১৮ মার্চ এ দলটি মমতাজ হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছিল। প্রথম আলোসহ দেশ-বিদেশ থেকে বিভিন্নভাবে যাঁরা মমতাজ হাসপাতালকে সহযোগিতা করে আসছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মো. জয়নাল আবেদীন বলেন, ‘সবার ভালোবাসায় আমার এই পর্যায়ে আসা।’