‘তির খেলা’র নামে চলছে জুয়া
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পশ্চিম জাফলং ও পূর্ব জাফলংসহ কয়েকটি ইউনিয়নের হাটবাজারে চলছে ‘তির খেলা’ নামের এক ধরনের জুয়া। দিনে দিনে এ খেলার বিস্তৃতি ঘটছে।অনুসন্ধানে জানা যায়, উপজেলার পূর্ব জাফলংয়ের বল্লাঘাট, মামারবাজার, মোহাম্মদপুর, তামাবিল, নলজুরি, জাফলং, সানকিভাঙা নতুনবাজার, রাধানগর বাজার, জাফলং চা-বাগান, লন্ডনি বাজার, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি; পশ্চিম জাফলং ইউনিয়নের হাজীপুর বাজার, পীরের বাজার, পান্তুমাই, আহারকান্দি এবং গোয়াইনঘাট উপজেলা সদরে অবাধে চলছে এই ‘তির খেলা’।সামাজিক সংগঠন প্রজন্ম জাফলংয়ের সভাপতি করিম মাহমুদ বলেন, তির খেলার মূল কেন্দ্র ভারতের শিলং। শিলং থেকে ভারতীয়রা তাদের নিয়োগ করা প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশে এ খেলা পরিচালনা করে থাকে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রোববার ছাড়া প্রতিদিন বিকেলে শিলং থেকে মুঠোফোনের মাধ্যমে বাংলাদেশি প্রতিনিধিরা জেনে নেন লটারিতে কোন নম্বরটি লেগেছে। এরপর যাঁরা লটারি কিনেছেন, তাঁদের নম্বরটি জানিয়ে দেওয়া হয়। পরে প্রতিনিধিদের মাধ্যমে টাকার লেনদেন হয়।তির খেলার সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, এক থেকে ১০০-এর মধ্যে প্রতি সংখ্যার একাধিক টিকিট থাকে। সেখান থেকে যেকোনো সংখ্যার টিকিট সর্বনিম্ন এক টাকা দিয়ে কিনে কেউ জয়ী হলে তিনি ৭০ টাকা পাবেন। এভাবে কেউ ১০০ টাকা দিয়ে টিকিট কিনে জিতলে পাবেন সাত হাজার টাকা।তাঁরা জানান, একজন লোক একাধিক নম্বরের টিকিট কিনতে পারেন। এক টাকার বিনিময়ে ৭০ টাকা পাওয়ার আশায় অনেকে প্রতিদিনই তির খেলার টিকিট কিনে থাকেন। তবে ১০০টি সংখ্যার মধ্যে একটিমাত্র নম্বরের টিকিট ক্রেতারা বিজয়ী হন। এতে বিজয়ীরা সামান্য টাকা পেলেও প্রতিদিন তিন-চার লাখ টাকা ভারতে চলে যায়।এলাকাবাসী বলেন, অনেকে তির খেলে ঘরবাড়ি হারিয়ে পথে বসেছেন। তির খেলার প্রতিনিধিরা নানা কৌশলে লোভ দেখিয়ে সাধারণ মানুষকে জুয়ার দিকে ধাবিত করছে। এতে অনেকে কর্মবিমুখ হয়ে পড়ছে। এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনাও ঘটছে।সম্প্রতি রাধানগর বাজার, জাফলং চা-বাগান, লন্ডনি বাজারের চায়ের দোকানগুলোতে গিয়ে দেখা যায়, সেখানে লটারি-সম্পর্কিত আলোচনাই প্রাধান্য পাচ্ছে।তির খেলার প্রতিনিধি জয়নাল মিয়া বলেন, কাজটা খারাপ। দীর্ঘদিন ধরে জৈন্তা ও গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকার সর্বত্র এ খেলা চলছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান খান প্রথম আলোকে বলেন, তির খেলা বন্ধ করতে প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। খেলার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।সামাজিক সংগঠন মিতালী সবুজ সংঘের সভাপতি মো. ফরহাদ আলী ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন, তির খেলা বন্ধের দাবিতে সংগঠনের পক্ষ থেকে ইউএনওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এখনো বন্ধ হয়নি তির খেলা।গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ‘তির খেলার নামে জুয়া চলছে, এমন অভিযোগ পেয়েছি। জুয়া বন্ধ করতে অনেকে লিখিত অভিযোগও দিয়েছেন। শিগগিরই অভিযান চালানো হবে।’