'তিলোত্তমা ঢাকা গড়া'র প্রত্যয় সাইফুদ্দিনের
নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী হাজি মো. সাইফুদ্দিন আহম্মেদ। ইশতেহারে রাজধানীর যানজট নিরসনসহ তিনি মোট ১৮টি অগ্রাধিকারমূলক কাজের কথা বলেছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বিজয়নগরের টেপা প্লাজায় মিলনায়তনে ‘যানজট মুক্ত তিলোত্তমা ঢাকা গড়তে চাই’ শীর্ষক এক অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করেন সাইফুদ্দিন। তবে ইশতেহার ঘোষণার আগে সাইফুদ্দিন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সরকারের আমলের ১৬ দফা উন্নয়নকাজের বর্ণনাও তুলে ধরেন।
সাইফুদ্দিন আহম্মেদের নির্বাচনী ইশতেহারের মধ্যে যানজট নিরসনসহ নাগরিকদের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা; পরিচ্ছন্ন ঢাকা উপহার দেওয়া; জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ; বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করা; সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়া; গণপরিবহন ব্যবস্থা উন্নত করা; ব্যস্ততম সড়কের ওপর দিয়ে ফ্লাইওভার নির্মাণের পদক্ষেপ নেওয়া; মশা ও মাছি থেকে ঢাকাকে মুক্ত রাখা; সড়কের আইল্যান্ডে গাছ লাগিয়ে সবুজ ঢাকা গড়া; ফুটপাত পথচারীদের ব্যবহার উপযোগী রাখা; কর না বাড়িয়ে সিটি করপোরেশনের আয়ের নতুন খাত বের করে আয় বৃদ্ধি করা; ভাড়াটিয়াদের স্বার্থ সংরক্ষণ করা; রাজধানীকে সব সময়ের জন্য হরতাল-অবরোধ মুক্ত রাখার জন্য জনমত গঠন করে আইন প্রণয়নে উদ্যোগ নেওয়া কথা বলা হয়েছে।
মেয়রপ্রার্থী সাইফুদ্দিন আহম্মেদ বলেন, আজকের ঢাকা এক দুর্ভোগের নগরী। অসহনীয় যানজটের নাকাল নগরবাসী। ময়লা-আবর্জনায় পরিপূর্ণ রয়েছে শহরের রাস্তা-ঘাট। গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট লেগেই রয়েছে। তাই শহরবাসীর স্বস্তি ও শান্তির নিঃশ্বাস ফিরিয়ে দিতে এ নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি।
সাইফুদ্দিন আহম্মেদ বলেন, ‘আমার জন্ম পুরান ঢাকার লালবাগে। পরিবার নিয়ে থাকি লালবাগেই। এলাকার জন্য সবচেয়ে বেশি মায়া-ভালোবাসা আমারই রয়েছে। অন্যরা (মেয়র প্রার্থীরা) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন করলেও থাকে নতুন ঢাকায়। তাই আমি নির্বাচিত হলে রাজধানীর উন্নয়ন ও নগরবাসীর শান্তি-স্বস্তি-সুবিধা এবং কল্যাণে কাজ করব। কারণ, যানজটমুক্ত তিলোত্তমা ঢাকা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
সিটি করপোরেশনে দুর্নীতির বিষয়ে সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘একটি প্রতিষ্ঠানের প্রধান যদি সৎ থাকলে সেখানে দুর্নীতি হয় না। তাই আমি সৎ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য এই এলাকার বাসিন্দাদের কাছে ‘সোফাসেট প্রতীকে’ ভোট প্রদানের জন্য আবেদন জানাই।’
নিজেকে মেয়র পদে যোগ্য লোক দাবি করে সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আজ থেকে ৩২ বছর আগে ব্যবসায়ী পরিবার থেকে রাজনীতি শুরু করেছি। কারণ, মানুষ যেন একজন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারে। আজ সেই দিন এসেছে। এলাকার উন্নয়নে সঠিক সিদ্ধান্তই নেবেন ভোটাররা।’
ইশতেহার ঘোষণার আগে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘সমাজের উন্নয়ন, পরিবর্তন ও কল্যাণে বিশ্বাস করে জাতীয় পার্টি। তাই রাজধানীর যানজট লাঘবসহ সব ধরনের উন্নয়নে কাজ করতে চায় তার দল। অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন, গোলাম কিবরিয়া, সাহিদুর রহমান, সুনীল শুভ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।