'তিস্তা চুক্তি সইয়ের ওপর দুই দেশই গুরুত্ব দিচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসের অনুষ্ঠানে বক্তব্য দেন পঙ্কজ সরন
বিসের অনুষ্ঠানে বক্তব্য দেন পঙ্কজ সরন

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেছেন, সীমান্ত চুক্তির পর তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের ওপর দুই দেশ গুরুত্ব দিচ্ছে। এ মুহূর্তে এ বিষয়ে অগ্রগতি হচ্ছে। তবে অগ্রগতি ফলাও করে প্রচারের চেয়ে নেপথ্যে কাজ করাই ভালো।
গতকাল সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে পঙ্কজ সরন এসব কথা বলেন। রাজধানীতে বিস মিলনায়তনে ‘বাংলাদেশ-ভারত সাম্প্রতিক সম্পর্কের অগ্রগতি ও প্রত্যাশা’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি। বিসের পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমদের সঞ্চালনায় সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান স্বাগত বক্তব্য দেন। এরপর নির্ধারিত আলোচক হিসেবে প্রায় এক ঘণ্টা বক্তৃতা করেন ভারতের হাইকমিশনার। পরে তিনি বিভিন্ন বিষয়ে অতিথিদের প্রশ্নের উত্তর দেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি ও অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে পঙ্কজ সরন বলেন, ‘তিস্তা নিয়ে রয়েছে আশা-নিরাশার ইতিহাস। এ নিয়ে অগ্রগতি হচ্ছে। কিন্তু অগ্রগতি কী হচ্ছে, সেটি ফলাও করে প্রচারের চেয়ে জোরালোভাবে কাজ করাটাই ভালো। চুক্তি সই নিয়ে আমি আশাবাদী।’
ভারতের হাইকমিশনার বলেন, ‘অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনা নিয়ে যৌথ নদী কমিশনের (জেআরসি) বাইরে দুই দেশের মধ্যে অনানুষ্ঠানিক পর্যায়ে কথা হচ্ছে। তবে এই আলোচনা যতটা জোরালোভাবে হওয়া উচিত ছিল, সেভাবে হচ্ছে না। আমি মনে করি, সম্পর্কের ক্ষেত্রে পরবর্তী সময়ে বিষয়টি গুরুত্ব পাবে। স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের পথে বিষয়টি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’
পঙ্কজ সরন বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বিভিন্ন ইস্যুতে ঘন ঘন টেলিফোনে আলাপ অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করি। শুধু সংকটকালীনই নয়, যেকোনো সময়ে সরাসরি এ ধরনের কথা বলার সুযোগ থাকা উচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ সফর নিয়ে আমরা আশাবাদী।’
পঙ্কজ সরন সীমান্ত হত্যাকাণ্ডকে ‘দুর্ভাগ্যজনক’ অভিহিত করে তা পুরোপুরি ‘শূন্যের’ কোঠায় নামিয়ে আনার ব্যাপারে ভারতের প্রত্যয়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সীমান্ত হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে দুই দেশের হিসাবে তারতম্য থাকতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সীমান্ত হত্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ভারত সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ করতে চায়। তবে সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে দুই দেশের যৌথ দায়িত্ব রয়েছে।
ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের সীমান্তের প্রধান অপরাধমূলক তৎপরতা গরু চোরাচালান। আর এটি অনেক সমস্যা ও অপরাধের উৎস। বিষয়টি কারও অজানা নয়। তিনি কিশোরী ফেলানী হত্যাকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘দুর্ভাগ্যজনক’ ঘটনা হিসেবে অভিহিত করেন।