'তিস্তা সমস্যার সমাধান মমতাকে নিয়ে করতে হবে'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা তেমন বড় কোনো সমস্যা নয়। এটি সমাধান হয়ে যেতে পারে। তবে তিস্তার পানি বণ্টনের বিষয়ে সহজেই সুরাহা হবে না। এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই সমাধান করতে হবে। তবে শুধু মমতাই নয়, ভারতের কেন্দ্রীয় সরকারকে তিস্তার পানির মূল উৎস সিকিমের সঙ্গেও একমত হতে হবে।
গতকাল শনিবার এশিয়াটিক সোসাইটি ষষ্ঠ মাসিক সাধারণ সভা (২০১৪-২০১৫) উপলক্ষে ‘ইন্ডিয়া-বাংলাদেশ রিলেশনস: পোস্ট-ইলেকশন’ শিরোনামে আয়োজিত বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক ইমতিয়াজ বলেন, ভারতে মোদি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, সে জন্য তাঁরা বাংলাদেশেও স্থিতিশীলতা চাইবেন। তিনি বলেন, ভারতের প্রধান দুই দলের একটি কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক যেমন বেশি ভালো ছিল, সে তুলনায় বিজেপির সঙ্গে ‘মনস্তাত্ত্বিক’ দূরত্ব রয়েছে। এর ফলে বিএনপির খুশি হওয়া অস্বাভাবিক কিছু নয়।