'তিস্তার পানি চাই না চুক্তির দরকার নাই'
দেশের মানুষ যখন তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে রোডমার্চ, লংমার্চ ও সভা-সমাবেশ করছে, ঠিক তখনই মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে ‘তিস্তা নদীর পানি চাই না, চুক্তির দরকার নাই’ বলে দাবি তুলছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের নেতারা।
তিস্তাপারের ইউনিয়ন পাটিকাপাড়ার পারুলিয়ার চরে গত শুক্রবার সকালে মানববন্ধন শেষে এক সাংবাদ সম্মেলনে ‘তিস্তা পূর্ব তীর রক্ষা কমিটি’র ব্যানারে এ দাবি তোলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সারওয়ার হায়াত খান। তিনি হাতীবান্ধা আলীম উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ।
সংবাদ সম্মেলনে সারওয়ার হায়াত বলেন, ‘এবার তিস্তা নদীর পানি না আসায় লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার ২৬টি ইউনিয়নের এক লাখ ২০ হাজার হেক্টর জমিতে ভুট্টাসহ বিভিন্ন চাষাবাদ হয়েছে। এ ছাড়া তিস্তাপারের ৬০ হাজার পরিবার তাদের বসতবাড়ি ফিরে পেয়েছে। তাই তিস্তা নদীর পানি চাই না, চুক্তিরও দরকার নাই।’
উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বলেন, বিএনপি তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সম্প্রতি সফল লংমার্চ কর্মসূচি পালন করায় আওয়ামী লীগ এর বিরোধিতা করছে।