'তুঁই তো মামু বউত সেয়ানা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ব্যাংকের শাখা ব্যবস্থাপকের সঙ্গে কথা হচ্ছিল। এ কথা সে-কথার পর সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ উঠতেই বললেন, ‘আ জ ম নাছির জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) দায়িত্ব নেওয়ার পর স্টেডিয়াম এলাকাটার চেহারা দেখেছেন কেমন আলো ঝলমলে? একটা মডার্ন সিটির চেহারা তো এ রকমই হবে, তাই না? এটা এখন রেস্টুরেন্টপাড়া। রেস্টুরেন্টকে ভাড়া দিয়ে সিজেকেএসের আয়ও হলো, আবার এলাকাটারও উন্নতি হলো। পুরো শহরটাকে নিয়ে এ রকম ক্রিয়েটিভ প্ল্যান করতে হবে।’
মনে হলো ভদ্রলোক নাছিরের সমর্থক। বললাম, তার মানে আমাদের আগের মেয়র মনজুর সাহেব ব্যর্থ হয়েছেন?
এবার যেন সুর পাল্টে গেল ভদ্রলোকের, বললেন, ‘না, ব্যর্থ ঠিক বলা যাবে না, উনি ওনার মতো করে চেষ্টা করেছেন। ধরেন বিরোধী দলে থাকার কারণে সরকারি বরাদ্দও তো ঠিকমতো পান নাই। তা ছাড়া উনি কিন্তু করাপশনও করেন নাই...ব্যর্থ বলা যাবে না।’
একটু হেসে অবশেষে মুখ ফুটে অসংগত একটা প্রশ্ন করেই ফেললাম, আপনি ভোটটা কাকে দেবেন?
ঠোঁটে অদ্ভুত রহস্যময় একটা হাসি ঝুলিয়ে তাকালেন আমার দিকে। তাতে আমার প্রশ্নের কোনো উত্তর পাওয়া গেল না। পাশে দাঁড়িয়েছিলেন তাঁর অধস্তন একজন তরুণ ব্যাংক কর্মকর্তা। এতক্ষণ আমাদের কথা শুনছিলেন তিনি। সিটি নির্বাচনের প্রার্থীদের নিয়ে তাঁকে অসন্তুষ্টই মনে হলো, বললেন, ‘নির্বাচনটা হবে আসলে “অ” আর “আ”-এর মধ্যে।’
মানে?
‘মানে আর কী, “অথর্ব” আর “আতঙ্কে”র মধ্যে লড়াই...এবার আপনি বুঝে নেন।’
বুঝে নিলাম। বাইরে রাস্তায় এসে রিকশা নিয়েছি। রিকশাচালক নোয়াখালীর মানুষ, তবে এখানকার ভোটার। বয়স প্রায় ৪০। এক ফাঁকে জিজ্ঞেস করলাম, নির্বাচনের অবস্থা কী বোঝেন চাচা?
রিকশাচালক দেখি সরকারের নীতিনির্ধারণী মহল সম্পর্কেও অবগত (!)। বললেন, ‘সরকারের পলিসি অইল তিনটার মধ্যে দুইটা সিটে ফেয়ার ইলেকশন করব, আর একটা নিয়া নিব জোরজার কইরা...।’
জোর করে কোন সিটটা নেবে?
‘হেইডা কইতে পারুম না, সরকারের মইধ্যে নিচ্চই হিসাব-নিকাশ আছে।’
চিটাগাঙে কে জিতবে বলে মনে হয়?
এই লোকের দেখি ইংরেজি শব্দ ব্যবহারের দিকে একটা ঝোঁক আছে, বললেন, ‘এইহানে কিন্তু বিএনপি আওয়ামী লীগ ফ্যাক্টর না, ফ্যাক্টর হইল লোকাল পলিটিক্স।’
কেমন?
‘ধরেন মহিউদ্দিন সাব উপ্রে নাছিরের লগে আচে, তয় ভিত্রে যদি অন্য খেলায় থাহে, তাইলে খেলাডা ঘুইরা যাইব। আবার বিএনপির শাহাদত সাবের পোলাপাইন মনজুরের লগে আচে কিনা হেইডাও একখান খেলা।’
উদয়াস্ত পরিশ্রম করা লোকগুলোও রাজনীতির জটিল অঙ্ক বুঝতে শুরু করেছে! বললাম, আপনি ভোটটা কাকে দেবেন?
এবার একগাল হাসি ছড়িয়ে বললেন, ‘আমরা হইলাম গিয়া গরিব মানুষ, আমাগো বুটের আর কী মূল্য আচে কন? ’
সিআরবির মোড়ে একটা টঙের দোকানে চা খেতে খেতে দোকানিকে জিজ্ঞেস করলাম একই কথা, ভোট কাকে দেবেন মামু?
‘আঁরা চাইদ্দে শঅরের উন্নতি, যিবা ভালা কাম গরিবো, বৃষ্টির দিনত ফানি উডন বন্ধ গরিত ফারিব, ইবারে দিয়্যম দে।’
শহরের উন্নতি, জলাবদ্ধতার সমস্যা কে দূর করতে পারবে বলে মনে হয়?
‘যইগ্য মাইনষেরে দিয়্যম দে এরি।’
যোগ্য মানুষটা কে?
হেসে বলল, ‘তুঁই মামু বউত সেয়ানা, আঁত্তুন হথা বাইর গরিবাল্লাই চঅদ্দে।’
মনে মনে বলি, ‘তুঁইও তো মামু কম সেয়ানা নঅ, আসল হথা তো ন হইতা লাইগ্গ।’
আশ্চর্য, কেউ পছন্দের প্রার্থীর নাম বলছেন না। ভাবছি দেশে-বিদেশে কত প্রাক্-নির্বাচনী জরিপ হয়, সেই জরিপে বোঝা যায় জয়ী হতে যাচ্ছেন কে। কিন্তু এই ধরনের ভোটারদের মধ্যে জরিপ চালিয়ে আগাম ধারণা লাভ করবে এমন সাধ্য কার!