‘তুই আগুনত পুড়ি মর’
‘তুই তো মোক মইরবার কলু, তা তুই মর। মুই মইরবার আগত তুই আগুনত পুড়ি মর।’ এ কথা বলে গৃহবধূ আফরোজার গায়ে আগুন ধরিয়ে দেন তাঁর শাশুড়ি ওমেছা বেওয়া (৪২)। অগ্নিদগ্ধ শরীর নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ছটফট করতে থাকা আফরোজা বেগম (২৪) এভাবেই ঘটনার বর্ণনা দেন। গত শনিবার সন্ধ্যা সাতটায় রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় নয় বছর আগে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ধলগাছ গ্রামের দিনমজুর আফজাল হোসেনের মেয়ে আফরোজা বেগমের সঙ্গে ফাজিলপুর গ্রামের আলামিনের ছেলে ওয়াসিমের বিয়ে হয়। আফরোজার বাবা আফজাল জানান, অভাবের সংসার হলেও মেয়ের সুখের কথা ভেবে বসতভিটার ছয় শতক জমি, পোষা ছাগল ও হাঁস-মুরগি বিক্রি করে ওয়াসিমকে ১৮ হাজার টাকা যৌতুক দেন।চিকিৎসাধীন আফরোজা জানান, বিয়ের পর থেকে শাশুড়ি ওমেছা বেগম তাঁকে প্রায়ই নির্যাতন করতেন। গত ঈদে তাঁর দরিদ্র বাবা সেমাইয়ের সঙ্গে ওয়াসিমের জন্য নতুন শার্ট ও লুঙ্গি দিতে না পাড়ায় তাঁকে ঈদের দিন নির্যাতন করেন। এবার ঈদ উপলক্ষেও সেমাই-শার্ট-লুঙ্গি না পাঠানোয় শাশুড়ি ঝগড়া লাগান। তাঁর দরিদ্র বাবা-মাকেও গালাগাল করেন। আফরোজা এর প্রতিবাদ করলে শাশুড়ি মারধর করে তাঁর গায়ে কুপির তেল ঢেলে আগুন লাগিয়ে দেন। আগুনে তাঁর পুরো শরীর ঝলসে যায়। পরে এলাকার লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করিয়ে দেন। আফরোজা জানান, আগুন দেওয়ার পর শাশুড়ি বলেন, ‘তুই তো মোক অপমান করলু, ধাক্কালু, মারলু, মইরবার কলু, তা তুই আগত আগুনত পুড়ি মর।’হাসপাতালে গিয়ে দেখা যায়, আফরোজার পুরো শরীর আগুনে ঝলসে গেছে। যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছেন তিনি। হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ খায়রুল বাশার জানান, আফরোজার অবস্থা খুবই খারাপ। পুরো শরীর পুড়ে গেছে। স্যালাইন দেওয়ার জায়গা নেই।গতকাল মঙ্গলবার সকালে ফাজিলপুর গ্রামে আফরোজার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘরগুলো তালাবদ্ধ দেখা গেছে। প্রতিবেশী লোকজন এবং আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম (মন্টু) বলেন, ‘আফরোজার শাশুড়ি ভালো মানুষ নন। তাঁর সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন। ঘটনার দিন আফরোজার শরীরে তিনি আগুন ধরিয়ে দেন। হাসপাতালে নেওয়ার সময় আফরোজাই এ কথা আমাদের বলেছেন।’ গতকাল বেলা ১১টায় হাসপাতালে কথা হয় ওয়াসিমের সঙ্গে। তিনি বলেন, ‘আমার মায়ের রাগ যেমন, আফরোজার রাগও তেমন। কেউ কারও কথা মানেন না। দুজনকে অনেক বুঝিয়েছি। কিন্তু তাঁরা আমার কথা শোনেন না। গত শনিবার ইফতারের পরে দুজনের মধ্যে রাগারাগি ও ঝগড়ার কারণে এ ঘটনা ঘটে। তবে আফরোজা নিজেই শরীরে আগুন দিয়েছে, নাকি আমার মা লাগিয়ে দিয়েছেন, তা আমি দেখিনি।’ হাসপাতালে মেয়ের এ অবস্থা দেখে কান্নাকাটি করছেন আফরোজার বাবা আফজাল হোসেন ও মা বুলবুলি। তাঁরা জানান, ‘মেয়েটা আগে সুস্থ হোক। মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেব।’ তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল আলম বলেন, ‘ঘটনা শুনেছি। কিন্তু কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে মামলা নেব।’