‘তুই কইরে বাবা!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হায়রে বাবা! তুই কইরে বাবা! আমার বুকত ফিরিয়া আয়...!’ আর্তনাদ করে কথাগুলো বলছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গাড়িচালক আনসার আলীর (৩২) মা নূরজাহান বেগম। গত বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানায় ইলিয়াসের গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় নূরজাহানের সঙ্গে। তাঁর ধারণা, গাড়িচালক হলেও আত্মীয় হওয়ায় ইলিয়াসের সঙ্গে তাঁর ছেলে আনসারকেও ‘গুম’ করা হয়েছে। নূরজাহানের অভিযোগ, এই গুমের পেছনে সরকারের হাত আছে। ক্ষোভের সঙ্গে বললেন, ‘কোসতা (কোনো কিছু) মানি না, সরকার আমার ছেলে আর দেবররে ফিরিয়া দিক!’ মঙ্গলবার রাতে ঢাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস ও তাঁর গাড়িচালক আনসার। মহাখালীতে পাওয়া যায় তাদের গাড়ি। এ খবরে আনসারের পরিবারেও নেমে আসে কান্নার রোল। পরিবার সূত্র জানায়, আনসারের বাবা ইউসুফ আলীর মামাতো ভাই ইলিয়াস আলী। বাবার মৃত্যুর পর ১২-১৩ বছর বয়স থেকে ইলিয়াসের বাড়িতেই থাকে আনসার। বছর পাঁচেক ধরে ইলিয়াসের গাড়ি চালাচ্ছে আনসার। গাড়িচালক হলেও আনসার থাকত ইলিয়াসের পরিবারের সদস্য হিসেবে। ঢাকায় নিরাপদে চলা ও বিশ্বস্ততার জন্য ইলিয়াসও তাকে সঙ্গে রাখতেন। বিশ্বনাথের রামধানা গ্রামের বাড়িতে থাকেন আনসারের স্ত্রী মুক্তা বেগম, দুই বছর বয়সী মেয়ে চাঁদনী বেগম ও মা নূরজাহান। দুই ভাই ও দুই বোনের পরিবারে আনসার দ্বিতীয়। তাঁর আয় দিয়েই চলত সংসার। আনসারের স্ত্রী মুক্তা বেগমের ভাষ্যমতে, সর্বশেষ গত ১ এপ্রিল গ্রামের বাড়ি থেকে ঢাকায় যান আনসার। মুঠোফোনের মাধ্যমেই তাঁদের যোগাযোগ চলছিল। বেশির ভাগ সময় রাতে কথা হতো। মঙ্গলবার রাত ১১টায় সর্বশেষ তাঁদের কথা হয়। মুঠোফোনে আনসার বলেছিলেন, ‘চাচারে নিয়া বাইরে আছি। বাসায় গিয়া ফোন দিমু।’ ‘আমি প্রধানমন্ত্রীর কাছে আমার কোলের বাচ্চা দেখিয়ে বলি—আমাদের স্বজনহারা থেকে রক্ষা করুন।’ বলেন মুক্তা।