‘তুই পুইড়ে মর’
‘তোর ভাইরা য্যাকন ট্যাকা দিলো না, তোর আর বাঁইচে থাইকে লাভ নেই, তুই পুইড়ে মর।’ এ কথা বলে নববধূ বীণা খাতুনের (২০) গায়ে পোড়া মবিল ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী লিটন হোসেন। অগ্নিদগ্ধ শরীর নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ছটফট করতে থাকা বীণা ঘটনা সম্পর্কে এই বর্ণনা দেন। গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত হারান মণ্ডলের মেয়ে বীণা খাতুনের সঙ্গে খাসকররা গ্রামের আছু মণ্ডলের ছেলে লিটন হোসেনের বিয়ে হয়। বীণার মা শাহারন খাতুন জানান, অভাবের সংসার হলেও বোনের সুখের কথা ভেবে তাঁর ছেলেরা বাড়ির পোষা ছাগল, হাঁস-মুরগি ও ঘরের ধান বিক্রি করে লিটনকে ৩০ হাজার টাকা যৌতুক দেয়। সঙ্গে প্রয়োজনীয় আসবাবও দেওয়া হয়। চিকিত্সাধীন বীণা খাতুন বলেন, বিয়ের প্রথম দিনই তিনি জানতে পারেন তাঁর স্বামী মাদকাসক্ত। বিয়ের পর থেকে লিটন তাঁর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। স্বামী ছাড়াও শাশুড়ি রোমেছা ও ননদ আছিয়া মিলে তাঁকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। দুই মাস আগে তাঁরা লাঠি দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দিলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিত্সা নিতে হয়। সেই চিকিত্সার টাকাও ভাইয়েরা দিয়েছেন। এর পরও ভাইদের সংসারে বোঝা হতে চাননি বীণা। বীণার ভাষ্য, ‘বিষ্যুদবার রাত আটটার দিকি আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত যান) চালিয়ে উনি (লিটন) বাড়ি ফেরে। আমাকে সে বলে, সংসার করতি হলি ভাইদের কাচ থিকে কাল ৫০ হাজার ট্যাকা নিয়ে আনবি। আমি বুলি, আমার ভাইদের সংসারেই অবাব, অত ট্যাকা কনে পাবে। ওই কতা বুলার সাতে সাতে শরিলি পুড়া মবেল ঢেলে ম্যাচের কাটি ঠুকে সে আগুন ধরিয়ে দেয়। আগুনে বুক-পিঠ ও ডান হাত পুড়ে যায়। আগুন দিয়ার পর বোলে তোর আর বাঁচার অদিকার নেই, তুই মর। ইর পর আমি শরিলি আগুন নিয়ে বাড়ির উটোনে গড়াগড়ি করলিও শাউড়ি নোনদসহ বাড়ির লোকজন কেউই আগি আসিনি। আশপাশের বাড়ির লোকজন ছুটে আইসে আগুন লিবায়ে আমার ভাইদের খবর দেয়। ভাইরা রাত দুটোর সুমায় হাসপাতালে ভর্তি করিয়ে চিকিস্সা করাচ্চে।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিত্সক আসাদুর রহমান বলেন, বীণা এখন শঙ্কামুক্ত হলেও তাঁকে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। গতকাল শুক্রবার সকালে খাসকররা গ্রামে বীণা খাতুনের শ্বশুরবাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘরগুলো তালাবদ্ধ দেখা গেছে। প্রতিবেশীরা বলেন, বিয়ের পর থেকেই গৃহবধূ বীণার ওপর নির্যাতন চলে আসছে। কেউ প্রতিবাদ করলে গালি খেতে হয়। বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বীণাকে দেখতে আসেন লিটনের বড় ভাই স্বপন হোসেন। তিনি বলেন, ‘লিটনের একটু রাগ বেশি। স্বামী-স্ত্রীর মধ্যে রাগারাগির কারণে অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে।’ বৃহস্পতিবারের রাতের ঘটনায় গতকাল রাত আটটার দিকে এই সংবাদ লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। বীণা খাতুনের ভাই আবদুল ওহাব জানান, ‘বোনটি আগে সুস্থ হোক। মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেব।’ চুয়াডাঙ্গার নাগরিক সংগঠন জেলা লোকমোর্চার নেতারা দুপুর ১২টার দিকে বীণাকে দেখতে সদর হাসপাতালে যান। লোকমোর্চার সভাপতি আলমগীর হোসেন বলেন, বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে বীণাকে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।