‘তুই যুদি এত ভালো গরমেন, তাহিলে হামার এত দুঃখ কেনে’
‘বাবু, তুই যুদি এত ভালো গরমেন, তাহিলে হামার এত দুঃখ কেনে?’ মহাশ্বেতা দেবীর কালজয়ী উপন্যাস চট্টী মুন্ডা ও তার তীর-এ পদস্থ সরকারি কর্মকর্তার কাছে এক সাঁওতাল নারীর করা ওই প্রশ্নটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে করেছেন আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা সোহেল হাজং। গতকাল শনিবার দুপুরে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি ওই প্রশ্ন করেন। কেন্দ্রীয় আদিবাসী নেতা সুভাষ হেমব্রম বলেন, ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ আদিবাসীদের সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বানিয়েছে।সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটির সভাপতি শীতল মার্ডি।