‘তুফান আইলে জানটা কাঁপি উঠে’
বিশাল হাওরে অথৈ পানি। তীরবর্তী বাড়িঘর তলিয়ে গেছে। কিছু পরিবার আশপাশের উঁচু শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। অন্যরা ঘরের ভেতর বাঁশের মাচা বেঁধে আছে। ঢেউয়ের ছোবলে বেশ কয়েকটি কাঁচাঘর ধসে পড়েছে। বন্যার কারণে মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার হাকালুকি হাওরপারের বিভিন্ন গ্রামের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছে। সরেজমিনে গতকাল বৃহস্পতিবার সকালে কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের শশারকান্দি ও জালালপুর এবং জুড়ীর শাহপুর গ্রামে গিয়ে দেখা গেছে, ১০-১২ দিন ধরে এসব গ্রামের লোকজন পানিবন্দী অবস্থায় রয়েছে। জালালপুরের বাসিন্দা মদরিছ আলী (৪০) বলেন, ‘তুফান আইলে জানটা কাঁপি উঠে। ঢেউয়ে আইয়া জাপটা মারে।’ শাহপুরের মিনারা খাতুন (৪৫) বলেন, ‘চাইরো বায়দি (চারদিকে) পানি। খেত তো আগেউ গেছে। অখন ঘরখান টিকবোনি।’গ্রামবাসী জানান, গতকাল ভোররাত পর্যন্ত কয়েক দফা ঝোড়ো বাতাসে উত্তাল ঢেউয়ে শশারকান্দির ১১টি, জালালপুরে ৩, শাহপুরে ১০ ও সোনাপুরের ১৫টি কাঁচাঘর ধসে গেছে।কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম নূরুল হক ও জুড়ীর ইউএনও মনীষ চাকমা জানান, উজানে বৃষ্টি হওয়ায় নিচু এলাকায় পানি বাড়ছে। বিয়ানীবাজারে বন্যার অবনতি: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুশিয়ারা নদীর দুবাগ, কাকরদিয়া, আঙ্গারজুর, শেওলা এলাকার ডাইক (বন্যানিয়ন্ত্রণ বাঁধ) ভেঙে নতুন ১৫টি এলাকা তলিয়ে গেছে। ১৬টি আশ্রয়কেন্দ্রে দেড় শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে বিপত্সীমার ১ দশমিক ৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের একাংশ তলিয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে বিয়ানীবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালিক মায়ন ও ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার দে জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি ত্রাণ এখনো পৌঁছায়নি।উপজেলা বন্যা পর্যবেক্ষণ সেল জানায়, দুর্গত লোকজনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৫টি চিকিত্সা দল ও চারটি ভ্রাম্যমাণ চিকিত্সা দল প্রস্তুত রাখা হয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রাখা হয়েছে।