‘তুমরা সিনাবাহিনী আনে দেওদি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাটিগায় মাটি দেয় না, গোন মুখীর (জোয়ারের সময়) মাটি দিলি তা তো সেই জোয়ারেই ভাসায়ে নিয়ে যায়। বান (বাঁধ) টেকে না। তার জন্যি আমরা এক বছর ধরে বাড়িঘরে যাতি পাত্তিছিনে। একন তুমরা সিনাবাহিনী আনে দেওদি। তারা কাজ কল্লি আমাগে বান হতো, আমরা বাঁচতাম।’গতকাল সোমবার দুপুরে কথাগুলো বলছিলেন খুলনার দাকোপ উপজেলার কামারখোলা গ্রামের আলেয়া বেগম (৪৫)। তাঁর কথা শেষ হতে না হতেই, একই গ্রামের মিনারুল সরদার বলেন, ‘সরকার যে পরিমাণ চাল-টাকা দেছে, ভাঙনের মুখী তাও ফেলালি তো বান (বাঁধ) হয়ে যাতো। বানের কথা না ভাবে তিনারা আগে শুধু নিজিগে পকেট ভরেছে। আমাগে কথা কেউ ভাবতেছে না।’২০০৯ সালে ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় দাকোপে ১৬ জন প্রাণ হারান এবং আজও নিখোঁজ আছেন আটজন। উপজেলার তিনটি পোল্ডারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। আংশিক ভাঙে ৩৫ কিলোমিটার। প্রায় দেড় লাখ মানুষের ৩০ হাজার বাড়িঘর ধ্বংস হয়। শতাধিক কিলোমিটার রাস্তা ও বাঁধের ক্ষতি হয়।গতকাল কামারখোলা বাঁধে গেলে একসময়ের কৃষিজীবী বর্তমানে মৎস্যজীবী চন্দ্র কান্ত রায় (৪৮) বলেন, ‘গত বছর ঝড়ের পরের দিনই এই কামারখোলা রাস্তায় বাসা বান্দি আছি। সেইনতে এমপি-চেয়ারম্যানের কাছে আমারা হয়ে গিছি ব্যবসার সামগ্রী। ১৫ লাখ টাহা দেছে কামারখোলা বানে, কিন্তু ঠিকমতো হচ্ছে না।’ অরবিন্দু রায় (৩৫) বলেন, ‘রাস্তার পাশে ছাবড়া ঘরে বসবাস করেও দলের লোক না বলে অনেকে কার্ড পাইনি। কিন্তু চেয়ারম্যানের (সমরেশ রায়) দোতলা বাড়িআলা বেয়াই রঞ্জন বাবুর নামে কার্ড হয়ছে।’ আবদুল জলিল গাজী (৬০) বলেন, ‘পাকিস্তান আমলে বর্ষার সময় বান্দের (বাঁধ) জন্যি টাকা আসতো, তারা বাংলাদেশের বিষয় বুঝতো না, কিন্তু ইরা বাংলাদেশের লোক হয়ে অসময় টাকা দেচ্ছে কেন?’কালিনগর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান (১৫) দাকোপ খেয়া নৌকায় দাঁড়িয়ে বলে, ‘আইলার কারণে আমাগে স্কুলি জোয়রে পানি উঠে যায়। ঠিকমতো ক্লাস হয় না। তারপরে আমাগো আয় নেই। সরকার স্কুলের বেতন-ফি যদি মাফ করতো তালি ভাল হতো।’কামারখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমরেশ রায় অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি তিন হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। বাকি সাত হাজার লোক আমার বিরুদ্ধে।’দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিয়ুর রহমান বলেন, ‘আর্মি চেয়েও পেলাম না। খাদ্যমন্ত্রীর কাছে বলেছি, আর্মি পাঠানোর ব্যবস্থা করলে বাঁধ ওঠানো যাবে।’ পাউবো দাকোপ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোসাদ্দেক হোসেন বলেন, দাকোপের চারটি পোল্ডারের মধ্যে তিনটিতে পানি ঢোকা বন্ধ করা গেছে। জালিয়াখালী ও গোলবুনিয়ার ভাঙন খুব বড় হয়ে গেছে। আগামী জুলাই থেকে ওই কাজগুলো করার পরিকল্পনা আছে। স্থানীয় সাংসদ ননী গোপাল মণ্ডল বলেন, যেহেতু বর্ষা এসে গেছে, তাই আগামী ডিসেম্বরের মধ্যে বাঁধের কাজ শেষ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।