‘তুমি নাকি চার লাখ টাকা দিয়ে ম্যানেজ করেছ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝটিকা সফরে গিয়ে অনিয়মের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) এক কর্মকর্তা ও এক কর্মচারীকে বদলির নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার সকালে তিনি চট্টগ্রাম শহরতলির বালুছড়ায় বিআরটিসির ডিপো পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দেন। বদলি হওয়া দুজন হলেন সহকারী পরিবহন (ট্রাফিক) কর্মকর্তা কামরুজ্জামান ও অফিস সহকারী নুরুজ্জামান।যোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘অনিয়মের অভিযোগে এক কর্মকর্তা ও এক কর্মচারীকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেওয়া হয়েছে।’বিআরটিসি সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় মন্ত্রী বিআরটিসি ডিপোতে উপস্থিত হন। এ সময় তিনি সহকারী পরিবহন কর্মকর্তা কামরুজ্জামানের খোঁজ নেন। তখন এই কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত ছিলেন না। মন্ত্রী ওবায়দুল কাদের মুঠোফোনে কথোপকথনের একপর্যায়ে কামরুজ্জামানকে বলেন, ‘আমি তোমার অফিসে আর তুমি কক্সবাজারে। এর আগেও তোমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েছি। তুমি নাকি চার লাখ টাকা দিয়ে কাকে ম্যানেজ করেছ। কাকে টাকা দিয়েছ? তুমি চালকদের কাছ থেকে টাকা নাও, দুর্ব্যবহার করো। সব আমি জানি।’ এরপর মন্ত্রী কামরুজ্জামান ও নুরুজ্জামানকে বদলির নির্দেশ দেন।