'তৃণমূল প্রার্থীর' ক্যাম্প ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলের মনোনীত প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছেন দলীয় প্রার্থীর সমর্থকেরা। তাঁরা একের পর এক চারটি গ্রামে একইভাবে হামলা ও গুলি চালিয়েছেন। এতে পাঁচজন আহত হয়েছেন। এসব ঘটনায় তৃণমূলের প্রার্থীর সমর্থকেরা রাজশাহী-নাটোর সড়ক অবরোধ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২৩ মার্চ উপজেলা নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য গত ২০ ফেব্রুয়ারি তৃণমূলের ভোট হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আহসানুল হক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তবে ভোটে অংশ না নিলেও পুঠিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম মনোনয়নপত্র জমা দেন। পরে একক প্রার্থী নির্বাচনের জন্য স্থানীয় সাংসদ আবদুল ওয়াদুদ তাঁদের নিয়ে ৩ মার্চ বৈঠক করেন। বৈঠকে দলের নেতা-কর্মীদের হাতে আহসানুলের একজন সমর্থক ছুরিকাহত হন। এরপর ওই বৈঠক ভণ্ডুল হয়ে যায়।
প্রতীক বরাদ্দের পর আহসানুল নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন। এর মধ্যে গত বুধবার রাতে সাংসদের বাড়িতে বৈঠক করে দলের প্রার্থী হিসেবে শাহরিয়ারকে প্রচারণা চালানোর অনুমতি দেওয়া হয়। শাহরিয়ার বৃহস্পতিবার সকালে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বেলা দুইটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেকের নেতৃত্বে শাহরিয়ারের সমর্থকেরা উপজেলার ঝলমলিয়া বাজারের পাশে আহসানুলের নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন লাগিয়ে দেন। এ সময় আহসানুলের সমর্থক মালেক ওরফে বাচ্চুকে তাঁরা কুপিয়ে জখম করেন। এ ছাড়া তাঁদের হামলায় আহসানুলের সমর্থক আশিকুল ইসলাম আহত হন।
খবর পেয়ে আহসানুলের সমর্থকেরা নির্বাচনী ক্যাম্পে হামলার প্রতিবাদে বেলা আড়াইটা থেকে আড়াই ঘণ্টা রাজশাহী-নাটোর সড়ক অবরোধ করে। পরে ইউএনও খন্দকার ফরহাদ আহাম্মেদ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।