‘তেজগাঁও বিমানবন্দর হতে পারে ঢাকার ফুসফুস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ঢাকার জন্য একটা ফুসফুস দরকার। তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর ঢাকার ফুসফুস হতে পারে। এটাকে নাগরিক কেন্দ্র অর্থাত্ ‘সিভিক সেন্টার’ করা হলে প্রাণভরে নিঃশ্বাস নেওয়া যাবে।জাতীয় জাদুঘরে গতকাল সোমবার নগর পরিকল্পনা ও স্থাপত্যবিষয়ক এক অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদ এসব কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগটির শিক্ষার্থীদের ছয়টি দল ছয়টি নকশা উপস্থাপন করে।এসব নকশায় দেখানো হয়েছে, পুরাতন বিমানবন্দরে জায়গার পরিমাণ মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের সবুজ মাঠের ২৩টির সমান। বিমানবন্দরের পাশের চন্দ্রিমা উদ্যানকেও পরিকল্পনায় নেওয়া হলে সত্যিকারের একটি নাগরিক কেন্দ্র অর্থাত্ ‘সিভিক সেন্টার’ হিসেবে গড়ে তোলা সম্ভব। এখানে পরিকল্পিতভাবে জাদুঘর, চিত্রকর্ম প্রদর্শনের গ্যালারি, নাটকপাড়া, হাঁটা ও বাইসাইকেল চালানোর পথ, খোলা ময়দান, জলাধার ও এর তীর ধরে বসার জায়গা, নৌকা চালানোর ব্যবস্থা, প্রদর্শনীমূলক কৃষি প্রকল্প, বিশেষায়িত ইনস্টিটিউট, কর্মজীবী নিবাস ও সম্মেলন কেন্দ্র অনায়াসে করা যায়।আবদুল্লাহ আবু সায়ীদ নকশাগুলো দেখার পর সাংবাদিকদের বলেন, ইতালি, যুক্তরাজ্যসহ সারা বিশ্বের বড় শহরগুলোতে নাগরিকদের বিনোদনের জন্য খোলা জায়গা রাখা হয়েছে। ঢাকায় রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানসহ ছয়টি খোলা জায়গা আছে। সেগুলো ঢাকাবাসীর চাহিদা পূরণ করতে পারছে না। তেজগাঁও বিমানবন্দরটি সরকার অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছিল। তাই এই খোলা জায়গাটি ফেলে না রেখে নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। পরিকল্পিতভাবে সেখানে গাছপালা, জলাশয়, মাঠ, গ্রন্থাগার, খাওয়া-দাওয়ার ব্যবস্থাসহ একটি নাগরিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী সাংবাদিকদের বলেন, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান মিলে দেড় শ একর, আর পুরাতন বিমানবন্দর ৪০০ একর এলাকাজুড়ে। ঢাকা গড়ে উঠেছিল বুড়িগঙ্গার তীরে। এখন ঢাকা বেড়ে উত্তরা পর্যন্ত চলে গেছে। তেজগাঁও বিমানবন্দরটি নতুন ও পুরান ঢাকার সংযোগস্থলে পড়েছে। এটা কাজে লাগাতে পারলে ঢাকাবাসী উপকৃত হবে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, এই খোলা জায়গাটার জন্য যুদ্ধ করতে হবে। কারণ এটা এমন একটা জায়গা, যেখানে পুরো ঢাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনেক বিনোদনকেন্দ্রের সুবিধা এক জায়গায় নেওয়া যাবে।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের চেয়ারম্যান ফুয়াদ হাসান মণ্ডল সাংবাদিকদের বলেন, তেজগাঁও বিমানবন্দরকে নাগরিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে পুরো ঢাকার মানুষই নির্মল নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে। শিক্ষার্থীরা পাঠ্যসূচির অংশ হিসেবে এটাই দেখিয়েছে। নকশা উপস্থাপনা অনুষ্ঠানে স্থপতি ইকবাল হাবিবসহ কয়েকজন স্থপতি ও নগরবিদ উপস্থিত ছিলেন।