তেল-গ্যাস রক্ষা আন্দোলন মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব। নতুন প্রজন্মকে এ সংগ্রামে অংশ নিতে হবে। এ আন্দোলন জাতীয় আন্দোলন, গুটি কয়েক দলের নয়। চট্টগ্রামের লালদীঘি ময়দানের সমাবেশে গতকাল বক্তারা এসব কথা বলেন। তাঁরা বলেন, আগামী ২৬ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। ‘মার্কিন কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে সাগরের তেল-গ্যাস ব্লকের রপ্তানিমুখী চুক্তি বাতিল, গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে জাতীয় কমিটির সাত দফা দাবি বাস্তবায়নে ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ’ কর্মসূচির শেষ দিনে গতকাল বুধবার বিকেলে এ সমাবেশ হয়। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে বাম রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠনগুলো অংশ নেয়। গত সোমবার ঢাকা থেকে এ রোডমার্চ শুরু হয়।অধ্যাপক জামাল নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, আনু মুহাম্মদ, প্রকৌশলী শহীদ উল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সহসাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, বাসদের বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ওয়ার্কার্স পার্টির রাগিব আহসানসহ বিভিন্ন বাম রাজনীতিক ও ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আমরা উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার বিরোধিতা করছি। বলছি, ফুলবাড়ীকে কেন্দ্র করে আরেকটি সিঙ্গুর তৈরি করবেন না। তাতে ক্ষমতা থেকে বিতাড়িত হবেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, তখন আরও খারাপ কেউ ক্ষমতায় আসবে।’ এম এম আকাশ সরকারের সমালোচনা করে বলেন, কনোকোফিলিপসের সঙ্গে চুক্তির সংশোধনী আনা হয়েছে গোপনে। এই বিদেশি প্রতিষ্ঠানটি পুরো দক্ষিণ এশিয়ার গ্যাসসম্পদ নিয়ন্ত্রণের সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এসেছে। তাদের সঙ্গে সরকারের চুক্তি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ কি নাইজেরিয়া হবে, নাকি জাতীয়তাবাদী মালয়েশিয়া হবে, সেটা এবার নির্ধারিত হয়ে যাবে। আমরা কিছুতেই রাজপথ থেকে ফিরে যাব না।’ অধ্যাপক আনু মুহাম্মদ সরকার ও বিরোধী দলের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ-বিএনপির নিজেদের কুৎসার শেষ নেই। কিন্তু বিদেশিদের কাছে দেশের সম্পদ তুলে দিতে প্রতিযোগিতা করে। তারা এ দেশকে নিলামে তুলেছে। তারা প্রতিযোগিতা করে, কত কম দামে নিলামে দেওয়া যায়। তিনি বলেন, ‘কনোকোফিলিপস তেল-গ্যাস তোলা শুরু করলে আমরা সাগরের নিয়ন্ত্রণ হারাব। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী তারা ইচ্ছেমতো গ্যাস তুলে তা অন্য দেশেও বিক্রি করতে পারবে। এ প্রতিষ্ঠান বিশ্বের অনেক দেশেই তেল-গ্যাস আহরণ করতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। সাগরের দুর্ঘটনা সিলেটের টেংরাটিলার চেয়ে অনেক বেশি ভয়াবহ হবে।’ এর আগে দুপুরে চট্টগ্রামে পৌঁছান ঢাকা থেকে রোডমার্চে অংশগ্রহণকারীরা। রোডমার্চে ঢাকা থেকে আসা গণসংহতি আন্দোলনের সদস্য তসলিমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমরা সকালে চট্টগ্রামের উদ্দেশে মিরসরাই থেকে যাত্রা শুরু করি। এরপর সীতাকুণ্ডে এসে পথসভা করি।’ তিনি বলেন, ২৬ সেপ্টেম্বর ঢাকা থেকে রোডমার্চ শুরু হয়ে চট্টগ্রাম আসা পর্যন্ত অন্তত ২০টি পথসভা হয়েছে।