‘তেলের দাম আরেকবার বাড়লে খবর আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার, বেলা সাড়ে ১১টা। সিলেট শহরতলির শাহপরান গেট এলাকা থেকে একটি যাত্রীবাহী লেগুনা (সিলেট ছ ১১-১৪০৬) নগরের উদ্দেশে আসছিল। চালক গাড়িটি ছাড়ার পরপর যাত্রীরা দেশের রাজনীতি ও সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলা শুরু করেন। লেগুনায় এ প্রতিবেদকসহ ১২ জন যাত্রী ছিলেন। সংবাদকর্মী পরিচয় পেয়ে যাত্রীরা নিজেদের ক্ষোভ-অভিযোগ-স্বপ্নের কথা জানাতে শুরু করেন। আসলাম উদ্দিন নামের এক যাত্রী নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আশাবাদী হয়েছিলাম—যাক, দেশ এই বার চারদলীয় জোটের দুর্নীতি থেকে মুক্ত হবে। কিন্তু যেই লাউ সেই কদু। দুই জোট মুদ্রার এপিঠ-ওপিঠ।’ দাসপাড়া এলাকার বাসিন্দা জিয়াউদ্দিন নাসির নামের এক যাত্রী বলেন, ‘আওয়ামী লীগ মন্দের ভালো। বিএনপির অবস্থা তো আরও বাজে। বিএনপি যদি জামায়াতের সঙ্গ ছাড়তে পারে, তাহলে আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবে। নতুবা তরুণ প্রজন্মের কেউই স্বাধীনতাবিরোধী দলটির সহচর হিসেবে বিএনপিকে ভোট দেবে না।’‘আপনি ঠিক বলেছেন। কিন্তু আওয়ামী লীগ তো সবকিছু লেজেগোবরে করে ফেলেছে। হল-মার্ক, শেয়ারবাজার, ডেসটিনি, পদ্মা সেতু, রেল কেলেঙ্কারি—একের পর এক শুধু বিতর্ক আর বিতর্ক তৈরি করেছে।’ জিয়াউদ্দিনের কথার সূত্র ধরে কথাগুলো বলেন কলেজছাত্র রাজীব আহমদ।রাজীবের বক্তব্য সমর্থন করেন লেগুনার একমাত্র নারী যাত্রী রহিমা বেগম। বললেন, ‘সব মিলিয়ে দেশ যে কোন পথে যাচ্ছে, তা আল্লাই ভালো জানে!’নিজেকে সবজিবিক্রেতা পরিচয় দেন আনোয়ার হোসেন নামের এক যাত্রী। বলেন, ‘ক্রেতারা সবজি কিনতে এসে ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু আমরা অসহায়। পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনে একটু বেশি দামে খুচরা বাজারে বিক্রি করতে হয়। এ ছাড়া সব ধরনের দ্রব্যের দাম যেভাবে বাড়ছে, সেভাবে মানুষের আয় বাড়ছে কই?’সবজিবিক্রেতার কথার রেশ ধরে বন্দরবাজার এলাকার কাপড় ব্যবসায়ী সাইফুর রহমান বলেন, ‘আগে কাপড়ের ব্যবসা করে সংসার ভালোভাবেই চালাতে পারতাম। এখন হিমশিম খাচ্ছি। বাজারের অবস্থাও মন্দা। মানুষ কেমন যেন খেই হারিয়ে ফেলছে। এ নিয়ে সরকারকে দোষ দিয়েই লাভ কী? বিএনপি ক্ষমতায় এলে তো অবস্থা আরও বাজে হতে পারত।’একটি কিন্ডারগার্টেনের শিক্ষক ইসমাইল আহমদ বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলই একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এদের মধ্যে কোনো পার্থক্য নেই। যে দলই ক্ষমতায় আসুক—দেশ চালানোর ক্ষেত্রে তেমন বেশি হেরফের হবে না।’ শাহপরান গেট এলাকার কৃষিজীবী লিপন আহমেদ বলেন, ‘শুনতাছি তেলের দাম না-কিতা আরেকবার বাড়ব। তেলের দাম আরেকবার বাড়লে সরকারের খবর আছে! মানুষ ইটা ভালাভাবে নিতা নায়।’ যাত্রীদের কথা চলতে চলতে প্রায় ৪০ মিনিট পর লেগুনাটি বন্দরবাজার অস্থায়ী অটোরিকশাস্ট্যান্ডে পৌঁছায়। ভাড়া মিটিয়ে সবাই নিজেদের গন্তব্যে রওনা দেন। ইফতেখার উদ্দিন নামের এক যাত্রী এ প্রতিবেদককে বলেন, ‘ভাই, ভালা কইর্যা লেইখেন। এইগুলা আমরার মনের কথা। দেশ কিন্তু বেশি ভালা-টালা চলতাছে না।’