'তোদের চা দেওয়া যাবে না'
যশোরের কেশবপুর উপজেলায় চা ও খাবারের দোকানে ঋষি সম্প্রদায়ের লোকজনকে খাবার দেওয়া হয় না। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হওয়ায় এ ধরনের আচরণ করা হচ্ছে বলে এ সম্প্রদায়ের লোকজন অভিযোগ করেছেন।
সম্প্রতি চিংড়া বাজারে গিয়ে দেখা যায়, চা দোকানি সামজেদ হোসেনের কাছে রণজিৎ দাস, বিকাশ দাস, লক্ষ্মী কান্ত দাস, সঞ্জয় দাস, উজ্জ্বল দাস ও কৃষ্ণ দাস চা চান। তিনি (সামজেদ) প্রথমে বলেন, তোমাদের চা দেওয়া হবে না। তাঁরা অনেক পীড়াপিড়ি করলে বলেন, ‘তোমাদের জন্য তিনটি কাপ আলাদা করা আছে। সেই কাপে দিতি পারি।’ এরপর আলাদা তিনটি কাপে ছয়জনকে দুইবারে চা দেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে সামজেদ বলেন, ‘আপনি বুঝবেন না।’ সাংবাদিক পরিচয় দিলে তিনি বলেন, ‘আমার দিতে কোনো অসুবিধা নেই। আমি ওদের চা দিলে আমার দোকানে অন্যরা আর চা খাবে না।’ এই দোকানে চা খেতে খেতে ধর্মপুর গ্রামের রজব আলী শেখ বলেন, ‘এটা ঘোরতর অন্যায়। মুচির গায়ের রক্ত আর আমার গায়ের রক্তের রং একই। যারা ওদের চা দিতে নিষেধ করে, তারাই খারাপ।’ খোঁজ নিয়ে জানা গেছে, এখানকার ২০-২৫টির মতো চায়ের দোকান আছে। সব দোকানেই বর্ণবৈষম্যে রয়েছে।
চিংড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সুমন দাস বলে, ‘কয়েক দিন আগে এক শিক্ষক আমাকে বাজারের নায়েব আলীর দোকানে চা আনতে পাঠান। কিন্তু প্রথমে আমাকে চা দেওয়া হয়নি। পরে স্যারের কথা বললে চা দেওয়া হয়।’ সে বলে, ‘বন্ধুদের সঙ্গে একসঙ্গে চা খেতে এলে সবাইকে চা দেওয়া হয়, আমাকে দেয় না।’ একই চিত্র পাওয়া যায় সাগরদাঁড়ি বাজারে। এখানকার আজিজুর রহমানের দোকানে পলাশ দাস, অসীম দাসসহ কয়েকজন চা চাইলে তাঁদের পাঁচটি আলাদা কাপে চা দেওয়া হয়। কাপগুলোর নিচে লাল রং করা। জানতে চাইলে তিনি বলেন, ‘মুচিদের কাপে চা দিলে অন্য খরিদ্দারেরা আমার দোকানের চা খেতে চান না।’
এখানকার ঋষি সম্প্রদায়ের অনেকে বলেন, ‘শুধু চা দোকান নয়, কয়েকটি রেস্তোরাঁতেও আমাদের খাবার দেওয়া হয় না। দিলেও ভাঙা প্লেট আর ভাঙা গ্লাসে দেওয়া হয়।’ তাঁরা বলেন, ‘আমরা কিছুদিন আগে এর প্রতিবাদ করি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিই। প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে বললে আমাদের বাজারে আসতে দেওয়া হয় না। আমাদের নানা হুমকি দেওয়া হয়। বাঁশবাড়িয়া বাজারেও একই সমস্যা রয়েছে।’
সাগরদাঁড়ির মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ বলেন, মাইকেল মধুসূদন দত্ত বর্ণবাদের বিরুদ্ধে সে সময়ে অবস্থান নিয়েছিলেন। তিনি হিন্দু ক্রনিক্যাল পত্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে সম্পাদকীয় লিখেছিলেন। তাঁর জন্মভূমিতে এ রকম বৈষম্য থাকা দুঃখজনক। এ অবস্থা ভাঙতে হবে।
দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অসীম দাস বলেন, ‘আমি এই সম্প্রদায়ের নেতা হিসেবে অধিকার নিয়ে আন্দোলন করি। তারপরও আমাকে প্রতিদিনই অপমানিত হতে হয়।’ তিনি সংবিধানের অঙ্গীকার হিসেবে এই প্রথা পরিবর্তনের জন্য সরকারের কাছে দাবি জানান।
কেশবপুরের ইউএনও শরীফ রায়হান কবির বলেন, ‘বর্ণবৈষম্যের অভিযোগ পেয়ে আমি সহকারী কমিশনারকে (ভূমি) দিয়ে সংশ্লিষ্ট চা দোকানদার এবং রেস্তোরাঁ ও হোটেল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছি। তারপরও এ সমস্যা থাকার কথা নয়।’ তিনি বলেন, এ সম্প্রদায়ের মানুষদের মূলস্রোতে আনার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যদি তাদের জীবনমানের বিষয়ে গুরুত্ব দিত, তাহলে অনেক আগেই এ সমস্যার সমাধান হয়ে যেত।